
আন্তর্জাতিক ডেস্ক:
অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের একাংশকে ইজরাইলের সঙ্গে একীভূত করে নেয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার বিকেলে ইজরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
আমেরিকার পৃষ্ঠপোষকতায় ইহুদিবাদী ইজরাইল পশ্চিম তীরের ৩০ শতাংশ ভূমি নিজের অন্তর্গত করে নেবে বলে একটি পরিকল্পনা চূড়ান্ত করেছে। এই পরিকল্পনার ব্যাপারে নিজের উদ্বেগের কথা জানিয়ে জনসন বলেন, এটি বাস্তবায়ন করা হলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার আশা ধুলিস্যাৎ হয়ে যাবে। নেতানিয়াহুকে ফিলিস্তিনিদের সঙ্গে আলোচনার টেবিলে ফিরে আসারও আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী।
সম্প্রতি ইজরাইলি পত্রিকা ইয়াদিউত আহারোনোতে নিবন্ধ প্রকাশ করে পশ্চিম তীরের একাংশ দখলের ইহুদিবাদী পরিকল্পনার বিরুদ্ধে প্রথম সরব হন বরিস জনসন। ওই নিবন্ধে তিনি এ পরিকল্পনা বাতিল করার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, গত ১লা জুলাই পশ্চিম তীরের ৩০ শতাংশ ভূমি নিজের অন্তর্গত করে নেয়ার পরিকল্পনা বাস্তবায়ন করার কথা ছিল; কিন্তু আন্তর্জাতিক সমাজের তীব্র বিরোধিতার কারণে পরিকল্পনাটি বাস্তবায়নের কাজ পিছিয়ে দিয়েছে তেল আবিব।
