
মাওলানা ইউসুফ সুলতান
কুরবানির অর্থনৈতিক তাৎপর্য
কুরবানিকে আমরা আর্থিক ইবাদত বলতে পারি। যার ধনসম্পদ আছে, সামর্থ্য আছে, তাকে কুরবানি দিতে হবেㅡ তার ওপর কুরবানি ওয়াজিব। কুরবানির মাধ্যমে সে তার অর্থকে ব্যয় করে আল্লাহ সুবহানাহুতাআলার শোকরিয়া আদায় করার সুযোগ পাচ্ছে।
কুরবানি যেহেতু আর্থিক বিষয় সংশ্লিষ্ট, তো, একে কেন্দ্র করে বহু-মানুষ আর্থিকভাবে লাভবান হয়। যারা গরু পোষেন, গরুর খাবার যোগান দেন, তারা যেমন লাভবান হন; অনুরূপভাবে ঢাকাসহ বিভিন্ন জেলা-শহরগুলোতে যারা হাটের ব্যবস্থা করেন, হাটের সঙ্গে সম্পৃক্ত নানা জিনিসের সঙ্গে যুক্ত থাকেন, গরু সাপ্লাই দেনㅡ তারাও মোটামুটি এর মাধ্যমে ভালো একটা উপকার পান। এবং যারা গরীব-অসহায়-দুস্থ, তারাও এখান থেকে গোশত পান। অনেকে আবার এই গোশত নিয়ে বিক্রি করে দেন। সেখান থেকেও আবার পরস্পরের মধ্যে একটা বাজার তৈরি হয়।
এই যে নানা বৃত্তে অর্থনৈতিক সচলতা, কুরবানির মাধ্যমে সেটা খুব ভালোভাবেই তৈরি হয়। একজন কুরবানি দেয়ার জন্য টাকা পাঠাচ্ছে, আরেকজন কুরবানিকে বাস্তবায়ন করার জন্য টাকা গ্রহণ করছে, গরুটা কিনছে, বাসায় নিয়ে আসছে, এরপর কসাইদেরকে টাকা দেয়া হচ্ছেㅡ এই যে বিভিন্ন লেভেলে টাকাটা ঘুরছে, এটা ইকোনমির জন্য অনেক বড় একটা বিষয়। পৃথিবীর বিভিন্ন দেশেই নানারকম সিজনাল উৎসব করে এইধরণের স্টিমুলাস করা হয়। কোথাও হয়তো বার্ষিক ট্রেডফেয়ারের আয়োজন করা হয়। এমন আরও নানারকম উদ্যোগ নেওয়া হয়।
আসলে এতটুকুই না ; কুরবানিকে উপলক্ষ করে আরো বিভিন্ন জিনিসের কেনাবেচা হয়। প্রয়োজন বেড়ে যায়। তো, সবমিলিয়ে আমরা বলতে পারি, অর্থনীতিতে কুরবানির বিরাট একটি ভূমিকা রয়েছে। বিশেষত আমাদের এই বাংলাদেশে।
কুরবানির পরিবর্তে অর্থ দান
এখানে দুটি বিষয় : একটি হলো যাদের সামর্থ্য আছে, আমাদের ফিকহে হানাফি অনুযায়ী তাদের ওপর কুরবানি করা ওয়াজিব। যদিও সাহাবায়ে কেরাম কখনও কখনও কুরবানি বাদ দিয়েছেন, কিন্তু রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তা ওয়াজিবের পর্যায়ে পড়ে।
দ্বিতীয়ত গরীবদেরকে সহযোগিতা করা। এটাও ওয়াজিব। ওয়াজিব বলতে, একটি তো যাকাত আছেই ; তাছাড়া, আমাদের পাড়াপড়শির ভেতর যারা অভাবগ্রস্ত থাকবেন, তাদের পাশে দাঁড়ানোও ওয়াজিবের কাতারে পড়ে। বিশেষ করে যখন অপরিহার্য হয়ে পড়ে। সেই দৃষ্টিকোণ থেকে এ দুটো ভিন্ন ভিন্ন ইবাদত, এবং দুটোকেই তার নিজ জায়গায় রেখে পালন করা উচিত।
এখন যে বিষয়টি সামনে আসে, আমরা সাধারণত কুরবানিতে প্রবণতাটা দেখিㅡ অনেক বড় পশু কুরবানি দেয়ার প্রতিযোগিতা দেখা যায়। লোক দেখানো। বেশি মূল্য দিয়ে কেনা। এগুলো আসলে ঠিক নয়। কুরবানি হবে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহকে খুশি করার জন্য। মানুষকে দেখানোর জন্য এই যে অসুস্থ প্রতিযোগিতা, এটা কখনোই সমীচীন নয়। বিশেষ করে এই বছর কারো কাছে যদি কুরবানির সুনির্দিষ্ট বাজেট থাকে, তিনি তার ওপর ওয়াজিবটুকু আদায় করে অতিরিক্ত অংশটা গরীবদের দিয়ে দিতে পারেন। কিন্তু গরীবকে দেয়ার জন্য আরেকটি ইবাদতে বাঁধার সৃষ্টি করা শরীয়তের মেজাজ বহির্ভূত বিষয়।
কারো যদি এমন হয়, তার কাছে কুরবানি করার টাকাটাই আছে, অতিরিক্ত নেই। তাহলে তিনি সামর্থ্যবানদের কাতারেই বা কতটুকু পড়েন, তা দেখার বিষয়। কারণ, সামর্থ্যবান যিনি, স্বাভাবিকভাবে তার কাছে গরীবকে সাহায্য করার মত অর্থ থাকবে। এখন আমরা হয়তো অনেকসময় গরীবদেরকে সাহায্য করার বিষয়টি গুরুত্ব দিতে চাই না; সমস্যা হয় এইখানে। এখন এই ধরণের জায়গায় প্রায়শই একটি আলোচনা আসে, এক খাতের টাকা আরেক জায়গায় দেয়াㅡ হজ না করে গরীবদেরকে ঐ টাকা দেয়া, কুরবানি না করে ঐ টাকা দেয়াㅡ এই কথাগুলোকে আমার কাছে অবান্তর মনে হয়। প্রতিটা ইবাদতকে স্ব-স্ব জায়গায় রেখে আমাদের আদায় করা উচিত। হ্যাঁ অতিরঞ্জন না করে অতিরিক্ত টাকাটা আমরা গরীবদেরকে দিয়ে সাহায্য করতে পারি।
অব্যাহতভাবে চামড়ার মূল্যহ্রাস
চামড়ার ব্যাপারটি নিয়ে আমি গতবছর কিছু স্টাডি করার চেষ্টা করেছিলাম। আমার দেখা মতে, সারাবিশ্বেই চামড়ার চাহিদাটা কমে আসছে। তার কারণ হচ্ছে, অনেক আর্টিফিসিয়াল লেদার তৈরি হচ্ছে এবং খুবই অল্পমূল্যে প্রসেস করা সম্ভব হচ্ছে। ব্যাপারটা যদি তেমনই হয়, তাহলে যারা এই বিজনেসের বিশেষজ্ঞ তারা বিষয়টা আরও ভালো জানবেন। তবে এখানে দুটি দিক। একটা হলো আন্তর্জাতিক বাজারেই চামড়ার মূল্য কমে আসছে, আরেকটি হলো, যতটুকু কমছে তারচে’ আরো বেশি কমানো হচ্ছে আমাদের দেশে। সিন্ডিকেট করে। তাহলে বিষয়টিকে আরও পর্যবেক্ষণের আওতায় আনা দরকার। এবং এই দায়িত্বটা মৌলিকভাবে সরকারের। আর আন্তর্জাতিক বাজারে যদি আসলেই মূল্য কমে যায়, তাহলে আমাদের অন্যভাবে প্রসেস করার বিষয়টি মাথায় রাখতে হবে।স্থানীয়ভাবে চামড়া বাজারজাত করার কথা ভাবা যেতে পারে। তবে আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাড়ার সম্ভাবনা আপাতত খুব বেশী নেই। কেননা আন্তর্জাতিক বাজারে এর চাহিদা দ্রুত কমে যাচ্ছে।
করোনার প্রেক্ষিতে কুরবানির তাৎপর্য
আমি আগেই বলেছি, অতিরিক্ত খরচ যেটা বাহুল্য তা বাদ দেয়া। যার এক ভাগ কুরবানি ওয়াজিব, তিনি পুরো একটা গরু না দিয়ে অতিরিক্ত টাকাগুলো গরীব মানুষদেরকে দিতে পারেন। কারণ, এই মুহূর্তে গরীবদের গোশত খাওয়ার চেয়ে তাদের ক্যাশ-চাহিদা মেটানো বেশি দরকার। ওয়াজিব আদায় হয়ে যাওয়ার পর অতিরিক্তটা আমরা গরীবদেরকে দিয়ে দিতে পারি। কিন্তু ওয়াজিব আদায়ে যেন ত্রুটি না হয় সেটা আমাদের লক্ষ রাখতে হবে।
মাদরাসাগুলোর প্রতি পরামর্শ
গতবছর যখন স্ট্যাডি করছিলাম, তখন আমার কাছে মনে হয়েছে, চামড়ার জন্য মাদরাসাগুলোর পক্ষ থেকে ছাত্র নিয়োগ করা, অথবা কালেকশন করা, এই মুহূর্তে আসলে বাজারের যা পরিস্থিতি, তাতে একে লস প্রজেক্ট হিসেবেই আখ্যা দেওয়া যায়। কেননা এর জন্য যত শ্রম ও রিসোর্স ব্যয় হয়, সার্বিকভাবে যেই খরচটা হয় সেটা মেটানোও আসলে কঠিন। আমরা যদি ব্যবসায়িক দৃষ্টিতে দেখি, তাহলে এই মুহূর্তে এটি লস প্রজেক্ট।
তো, মাদরাসাগুলো আলাদাভাবে এর জন্য রিসোর্স ব্যবহার না করে কুরবানি করার যে সেবাটি, সেটি দিতে পারে। সমাজের প্রতি দ্বীনিদায়বদ্ধতা থেকে এই কাজটি করা যেতে পারে। সেখানেও বিষয়টি ঐচ্ছিক থাকবে; এবং তুলনামূলক বড় ছাত্ররা এই কাজটি করবে। বাধ্যতামূলক করা যাবে না। আর কোথাও যদি বাধ্যতামূলক করতে হয়, সেটার জন্য হয়তো মাদরাসাগুলো চাইলে সমাজের থেকে ফিস নির্ধারণ করতে পারে যে, নির্দিষ্ট পরিমাণ ফিস দেয়া হলে আমরা এই সেবাটা সমাজকে দিবোㅡ এটা হতে পারে। বিষয়টাকে আমরা সার্ভিস হিসেবেও দেখতে পারি। এছাড়া শুধু চামড়া কালেক্ট করা, চামড়া বিক্রি করাㅡ আমার কাছে মনে হয়েছে এটা আর খুব একটা লাভজনক নয়।
অনুলিখন : আবদুল্লাহ মারুফ
