গ্যাস লিকেজের কারণেই মসজিদে আগুন: ফায়ার সার্ভিস

ফাতেহ ডেস্ক:

নারায়ণগঞ্জ মসজিদে এসির বিস্ফোরণ নয়, গ্যাস লাইনের লিকেজ থেকেই আগুনের শুরু এবং ক্ষয়ক্ষতিও অনেক বেশি হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে এমনটাই জানিয়েছেন মহাপরিচালক ব্রি. জে. সাজ্জাদ হোসাইন। বৈশাখী টেলিভিশনকে তিনি জানান, ফায়ার সার্ভিসসহ ৪টি তদন্ত কমিটি কাজ করছে দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে।

বিস্ফোরণের পর মসজিদ সংলগ্ন এলাকার গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়েছে। মসজিদটিও আপাতত বন্ধ। এখনো স্পষ্ট বিস্ফোরণের পোড়া ক্ষত। ঘটনার কারণ জানতে কাজ করছে প্রশাসন ও বিভিন্ন সংস্থার ৪টি তদন্ত কমিটি।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স মহাপরিচালক ব্রি. জে. সাজ্জাদ হোসাইন বৈশাখী টেলিভিশনকে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, এসির বিস্ফোরণ থেকে নয়, গ্যাস লাইনের লিকেজ থেকেই আগুনের শুরু।

রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, এমন ঘটনা যেন আর না ঘটে সেজন্য সঠিক তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।

অন্যদিকে, বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতদের আসামি করে অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগে ফতুল্লা থানায় মামলা করেছে পুলিশ।

আগের সংবাদপেঁয়াজের দাম বৃদ্ধি ঠেকাতে অভিযান-জরিমানা
পরবর্তি সংবাদমসজিদে বিস্ফোরণ; ক্ষতিপূরণ চেয়ে রিট