
ফাতেহ ডেস্ক:
দেশের পানিসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন সাধনের লক্ষ্যে কাজ করা ‘বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড’ বিলুপ্ত হতে যাচ্ছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে বিলুপ্ত করে সরকার নতুন করে গঠন করছে ‘বাংলাদেশ পানিসম্পদ অধিদফতর’। পানিসম্পদ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মারফত আরও জানা গেছে, একইসঙ্গে বিলুপ্ত হয়ে যাচ্ছে ‘বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন, ২০০০’। ভিন্ন আইনে পরিচালিত হবে বাংলাদেশ পানিসম্পদ অধিদফতর। এজন্য প্রণয়ন করা হচ্ছে ‘বাংলাদেশ পানিসম্পদ অধিদফতর আইন-২০২০’ নামে নতুন আইন।
উল্লেখযোগ্য কোনও ভিন্নতা ছাড়াই ৮টি সুনির্দিষ্ট মিশন নিয়ে কাজ করবে বাংলাদেশ পানিসম্পদ অধিদফতর। এগুলো হচ্ছে−(ক) সমাজের সকল স্তর, শ্রেণি ও পেশার লোকজনের অংশগ্রহণ ও জীবন মান উন্নয়ন নিশ্চিত করা। (খ) স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে প্রকল্প ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা করা। (গ) সকল শ্রেণি ও পেশা, বিশেষত দরিদ্র জনগণের জন্য কার্যকর ও দক্ষ সেবা প্রদান করা। (ঘ) দারিদ্র্য হ্রাস করা। (ঙ) খাদ্য নিরাপত্তা প্রদান করা। (চ) প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করা ও (ছ) পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন কৌশল অনুসরণ।
জানা গেছে, ‘বাংলাদেশ পানিসম্পদ অধিদফতর আইন-২০২০’ আইনটি বিভিন্ন ধাপ অতিক্রম শেষে জাতীয় সংসদে পাস হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন-২০০০ বিলুপ্ত হবে।
প্রসঙ্গত, ১৯৫৪ এবং ১৯৫৫ সালের ভয়াবহ বন্যার পর বন্যার ক্ষয়ক্ষতি কমিয়ে খাদ্য উৎপাদন বাড়ানের লক্ষ্যে জাতিসংঘের অধীনে গঠিত ‘ক্রুগ মিশন’ এর সুপারিশক্রমে এ অঞ্চলের পানিসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নের জন্য ১৯৫৯ সালে পূর্ব পাকিস্তান পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ (ইপিওয়াপদা) গঠন করা হয়। বর্তমান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ইপিওয়াপদা’র পানি উইং হিসেবে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প বাস্তবায়ন করে কৃষি ও মৎস্য সম্পদের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে দেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় প্রধান সংস্থা হিসেবে কার্যক্রম শুরু করে। স্বাধীনতার পর ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশ নং: ৫৯ মোতাবেক ইপিওয়াপদা’র পানি অংশ একই ম্যান্ডেন্ট নিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) হিসেবে সম্পূর্ণ স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে। পরবর্তীতে সংস্কার ও পুনর্গঠনের ধারাবাহিকতায় জাতীয় পানি নীতি ১৯৯৯ এর সঙ্গে সামঞ্জস্য রেখে বাপাউবো আইন, ২০০০ প্রণয়ন করা হয়। এ আইনের আওতায় মন্ত্রী, পানিসম্পদ মন্ত্রণালয়’র নেতৃত্বে ১৩ সদস্য বিশিষ্ট পানি পরিষদের মাধ্যমে বোর্ডের শীর্ষ নীতি নির্ধারণ ও ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে।
