নামাজ পড়িয়ে বাড়ি ফেরার পথে ইমাম খুন

ফাতেহ ডেস্ক:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে এক ইমামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওই এলাকার সাধুয়া-নিগুয়ারি খালের পাশে শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আজিম উদ্দিন (৫৫) উপজেলার বেলদিয়া গ্রামের শেখ মজরত আলীর ছেলে।

পাগলা থানার ওসি শাহিনুজ্জামান খান জানান, প্রতিদিনের মতো আজিম উদ্দিন এলাকার সাধুয়া মসজিদে এশার নামাজে ইমামতি করে বাড়ির দিকে রওনা হন। পরে স্থানীয়রা রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।

তার শরীরে পাঁচ-ছয়টি কোপের চিহ্ন রয়েছে।

তবে কে বা কারা কেন তাকে হত্যা করেছে সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেননি।

ওসি জানান, ২০ বছর ধরে সাধুয়া জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন আজিম উদ্দিন। পুলিশ ঘটনা তদন্ত করছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আগের সংবাদকরোনায় মৃতের সংখ্যা ৯ লাখ ৬০ হাজার ছাড়াল
পরবর্তি সংবাদউম্মাহর অনেক বড় সম্পদ ছিলেন মাওলানা আহমদ শফী: মুফতি তাকি উসমানি