আব্দুল মালেক সাহেবের বক্তব্য, থামছেইনা মাসঊদ অনুসারীদের বিরোধিতা

ফাতেহ ডেস্কঃ

তাবলীগের একাংশের নেতা সাদ সাহেবের আনুগত্য করা বৈধ হবেনা, এই মর্মে দেশ বরেণ্য আলেম মুফতি আব্দুল মালেকের বক্তব্য বহুল প্রচারিত হবার পর দেশে তাবলীগ নিয়ে নানামুখী গুঞ্জন উঠেছে। অধিকাংশ মানুষ তার বক্তব্য সমর্থন করলেও কেউ কেউ তার বিরোধিতা করেছেন। অশ্লীল ভাষায় আক্রমণও করছেন। দুঃখজনকভাবে এতে এক দুইজন আলেমও জড়িয়ে যাচ্ছেন।

সর্বশেষ মাওলানা মাসঊদপন্থী আলেম  ইমাদাদুল্লাহ কাসেমী মুফতি আব্দুল মালেকের বিরোধিতা করে বক্তব্য দিয়েছেন। ‘সঙ্কট নিরসনে তাবলীগ-জামাতের আলেম পরামর্শকগণ মাওলানা আবদুল মালেক সাহেবের ফাতওয়ার বিষয়ে আগে থেকে কি জানতেন?’ আলেম উপদেষ্টাগণের পরামর্শে  ফাতওয়ার প্রচার দেয়া যেতোনা?’ মাওলানা ইমদাদ কাসেমী প্রশ্ন করেন।

এই বক্তব্যের পর ফাতেহ ২৪ এর পক্ষ থেকে সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে যোগাযোগ করা হয়। এবং তাতে আরও বিস্তারিত চিত্র উঠে আসে।

অনুসন্ধানে জানা যায়, গত বছরের ১৬ নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ী মাদরাসায় বাংলাদেশের তাবলীগের আহলে শুরা এই বিষয়ে সর্বাত্মকভাবে একমত হন যে,তারা মাওলানা আশরাফ আলী, আল্লামা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুল কুদ্দুছ ও মুফতি মুহাম্মাদ আব্দুল মালেক, এই চারজন আলেমকে নিজেদের পৃষ্ঠপোষক ও উপদেষ্টা হিসেবে গ্রহণ করছেন। পরবর্তীতে সাদ পক্ষের নেতা ওয়াসিফের দাবীতে এখানে মাওলানা ফরিদ উদ্দিন মাসঊদকেও অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। তারা সবাই মেনে নেন যে, যখনই প্রয়োজন অনুভূত হবে অথবা উলামায়ে কেরাম প্রয়োজন মনে করবেন, তখন  জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়সমূহ এই উলামা কমিটি ফায়সালা দিবেন। যা সবাই মানতে বাধ্য থাকবে।

মুফতি আব্দুল মালেকের প্রতিষ্ঠান মারকাজুদ দাওয়াহ এর সাথে ঘনিষ্ঠ এমন একটি সূত্র মাসঊদপন্থীদের দাবী নাকচ করে বলেন, সাদ পক্ষ আলেমদের কোন সিদ্ধান্ত মানেন নি। বিশেষভাবে আলেমদের পক্ষ থেকে সাদের আগমনের বিরোধিতা করা হলেও  এর প্রতি কোন গুরুত্ব দেওয়া হয়নি। এর পরে কি আর পরামর্শ ও পরামর্শকের কোন অর্থ থাকে, ঐ সূত্র প্রশ্ন পেশ করেন,ইমাদাদুল্লাহ কাসেমী কি এটা জানেন না?

সূত্রটি আরও জানায় যে, মারকাজ প্রকাশ্যে বাদানুবাদ থেকে বিরত থাকতে চায়, তবে মাওলানা সাদের বিভ্রান্তির বিষয়ে নয়। সামনে আরও স্পষ্ট ও বিস্তারিত বক্তব্য আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

‘সাদ পক্ষের থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে আলেমদের উপদেষ্টা পরিষদ বাতিল করার আহ্বান জানানো হয়। সুতরাং  শুরা লঙ্ঘনের দাবীর কোন অর্থ নেই।’ তিনি এর পক্ষে প্রামাণও দেন।

এদিকে শুধু মুফতি আব্দুল মালেক সাহেবই নন, উপদেষ্টা পরিষদের আরও দুইজন সাদের আনুগত্য বৈধ হবেনা মর্মে লিখিত বক্তব্য প্রদান করেছেন। এই বক্তব্যের কপি ইতিমধ্যে ফাতেহের কাছেও পৌঁছেছে।

আগের সংবাদক্ষমতায় এলে পাকিস্তানে ইসলামি আইন চালু করবো: মাওলানা ফজলুর রহমান
পরবর্তি সংবাদহে আল্লাহ! পাকিস্তানের ওপর রহম করো: হামিদ মীর