ভারতের টকশোকাণ্ড এবং মিডিয়ার ধাপ্পাবাজি

শরীফ মুহাম্মদ:

ভারতের জি হিন্দুস্তান টিভি টকশোতে একজন আলেম ও নারী আইনজীবীর মাঝে চড় থাপ্পড়ের ঘটনা নিয়ে মিডিয়াজুড়ে হইচই। এর একটি ভিডিও অনলাইনে ভাইরাল হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। নারী আইজীবীর থাপ্পড়ের শিকার ওই আলেমের নাম এজাজ আরশাদ কাসেমী ও আইনজীবীটির নাম ফারাহ ফায়েজ।

ঘটনার আড়ালে অনেক ঘটনাই চাপা পড়ে যায়। এখানে তাই ঘটেছে। ভারত, বাংলাদেশ অথবা পৃথিবীর অন্য যেকোনো দেশের কথাই বলি, প্রত্যেক দেশেই ইসলাম ও মুসলিম বিদ্বেষী  মিডিয়ার জয়জয়কার। এদের রয়েছে কিছু অপকৌশলমূলক এজেন্ডা । খুব চতুরতার সঙ্গে দর্শক শ্রোতাদের তারা প্রতারিত করে থাকে। গতকালের ঘটনাটিও এরই ধারাবাহিকতা মাত্র।

এখানে মিডিয়ার একটি চতুরতা ছিল। একটি খারাপ ঘটনা মানুষের সামনে প্রকাশ করা তাদের লক্ষ্য ছিল। যতটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে বা লিক হয়েছে, তাতে দেখা যায়, সেখানে চার-পাঁচজনের একটা প্যানেল ছিল। তাদের মাঝে শুধু একজন মাওলানা ছিলেন। তিন তালাক নিয়ে তাকে অপ্রস্তুত অবস্থায় ফেলা, তাকে উত্তেজিত করা ছিল তাদের লক্ষ্য। এটা তাদের কৌশলও বলা যায়। এটা বাংলাদেশেও ঘটে। তবে বাংলাদেশে হয়তো হাতাহাতির ঘটনা এখনো ঘটেনি। অবশ্য আলেমদের বা ইসলামমনা মিডিয়া ব্যক্তিত্বদেরকে একটা আক্রান্ত অবস্থায় নিয়ে যাওয়া এখন মিডিয়ার স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।দর্শক শ্রোতাদেরকে সেখান থেকে একটি ম্যাসেজ দেওয়ার চেষ্টা করা হয়। এটা তারা করে।

দ্বিতীয়ত মিডিয়াতে যে ভিডিওটি প্রচার হয়েছে এটা আরও একটি প্রতারণা। সেখানে যে ভিডিওটি বেশি ভাইরাল হয়েছে, তাতে দেখা গেছে মাওলানা সাহেব ওই নারীকে থাপ্পড় মারছে। মিডিয়ার ইসলাম বৈরী আচরণের  এটিও একটি দৃষ্টান্ত। অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি ভিডিও প্রচারিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তর্ক হতে হতে প্রথম চড়টি দিয়েছে মহিলা। এরপর মাওলানা এর প্রতিবাদ করতে যেয়ে দু একটি চড় দেওয়ার চেষ্টা করেছে বা দিয়েছে। নিউজও হচ্ছে এভাবে যে মাওলানা ওই নারীকে থাপ্পড় মারছে। এটা আলেমদের সঙ্গে মিডিয়ার বড় এক ধাপ্পবাজি। বিভিন্ন সময়ে আমরা এটা দেখে আসছি।

ঘটনার সূত্রকে কেন্দ্র করে যে প্রতিক্রিয়া প্রকাশ হয় এটাকেই বড় করে দেখানো হয়। মাওলানা আসলে ভিকটিম ছিল। সে প্রথমে চড় খেয়েছে। তারপর চড় দিয়েছে। এটা বুঝার ব্যাপার। এসব মিডিয়াকে আমরা কীভাবে নিব!

আলহামদুলিল্লাহ, হেফাজতের ঘটনার পর থেকে গত তিন চার বছর যাবত আমাদের ইসলামি ব্যক্তিত্বরা টিভি টকশোতে যুক্তি ও সাহসিকতাপূর্ণ আলোচনা করে আসছেন। তারপরও তাদের কোনঠাসা ও অপদস্থ করার চেষ্টা হয়েছে। এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের আরও সতর্ক থাকার ব্যাপার রয়েছে। কারণ মিডিয়াগুলো ফাঁদ তৈরি করবে। একজন মিডিয়া ব্যক্তিত্বকে নানা ভাবে আক্রান্ত করা, অপ্রস্তুত করা, পাল্টা নিউজটা তার ওপরই চাপিয়ে দেওয়া এ চেষ্টাটাই তারা করতে পারে। এ ব্যাপারে সতর্কতারও ব্যাপার আছে।

তৃতীয়ত এ টকশোটা ছিল তিন তালাক ইস্যু নিয়ে। লক্ষ্য করলে দেখা যায়, কিছু সেকুলার মিডিয়া মাঠ গরম করার জন্য মাঝে মাঝে এমন কিছু বিষয় সামনে নিয়ে আসে, যা চলমান কোনো ইস্যু নয়।তারা বিষয়টিকে সামনে এনে কিছু তর্ক তৈরির চেষ্টা করে। যেমন কয়েকদিন আগে বিবিসিতে অস্ট্রেলিয়ার সমকামী ইমাম নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। সে কীভাবে সমস্যায় পড়েছে, কীভাবে জীবন যাপন করছে এ নিয়ে মনোযোগ আকর্ষণের চেষ্টা করেছে । আমার কথা হলো, তারা তো নামাজের জন্য কোনো ইতিবাচক কথা বলে না। তারা মসজিদের জন্য কিছু বলে না। এটা না বলে নামাজের একটা প্রধান অনুসঙ্গ ইমামতি, সেখানে সমকামী ইমামকে নিয়ে তর্ক শুরু করেছে। একইভাবে একজন মহিলা ইমামকেও সামনে আনা হয়েছিল। এগুলো নিয়ে ইসলাম বৈরী মিডিয়া একটি তর্ক তৈরি করে থাকে। এগুলো মিডিয়ার একটি অপকৌশল, অপারেশন। এটা মিডিয়ার পরিকল্পিত অভিযান। মুসলিমদের কঠিন ইস্যুগুলোতে তর্ক সৃষ্টি করা, অনীহা সৃষ্টি করা, অনাস্থা সৃষ্টি করা, সংশয় সৃষ্টি করা তাদের পরিকল্পিত অভিযান।

একইভাবে তিনি তালাক ইস্যু নিয়েও তারা মাঠে নেমেছে। এখানে সকল পর্যায়ের মুসলিম দর্শক যারা কৌতূহল রাখেন তাদের এ চাতুর্যগুলো ধরার চেষ্টা করা উচিত। যেসব মিডিয়া এজাতীয় বিতর্ক উস্কে দেয়, তারা কিন্তু ইসলামের মৌলিক কোনো বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করে না। নামাজের ব্যাপারে তাদের ইন্টারেস্ট নেই, কিন্তু একজন সমকামী ইমামের ব্যাপারে তাদের ইন্টারেস্ট রয়েছে। নামাজ, মসজিদের বিকাশ ও প্রচার নিয়ে তাদের ইন্টারেস্ট নেই, কিন্তু একজন মহিলা ইমামের নামাজের দৃশ্য প্রচার করায় তাদের ইন্টারেস্ট রয়েছে। ঠিক একইভাবে তিন তালাক ইস্যু নিয়েও এখন তারা কাজ করছে। এখান থেকে শেখা, সতর্ক হওয়া ও উপযোগী পদক্ষেপ গ্রহণের উপকরণ আছে বলে আমি মনে করি।

( অনুলিখন ঃ ওমর ফারুক)

আগের সংবাদসহিংসতার আশঙ্কায় পাকিস্তানে নিরাপত্তা জোরদার
পরবর্তি সংবাদকোটা পর্যালোচনা কমিটির মেয়াদ বাড়ল ৯০ কর্মদিবস