হোয়াইট হাউসে করোনা আক্রান্ত বেড়ে ১৭

ফাতেহ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে আবারো করোনা হানা দিয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন হোয়াইট হাউসের উপদেষ্টা স্টেফেন মিলার এবং শীর্ষ এক সামরিক কর্মকর্তা। এ নিয়ে অন্তত ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানা গেছে।

গেলো ৫ দিন ধরে সেলফ আইসোলেশনে আছেন মিলার। নমুনা পরীক্ষার পর মঙ্গলবার জানতে পেরেছেন তিনি করোনা আক্রান্ত। কোস্ট গার্ড কর্মকর্তা অ্যাডমিরাল চার্লস রে করোনা আক্রান্ত হওয়ার পর সামরিক বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা কোয়ারেন্টিনে রয়েছেন।

এদিকে, ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন বলেছেন, ট্রাম্প যদি এখনো করোনা আক্রান্ত হয়ে থাকেন, তাহলে তার উচিৎ হবে বিতর্কে অংশ না নেয়া।

১৫ অক্টোবর ফ্লোরিডার মায়ামিতে ট্রাম্প-বাইডেনের দ্বিতীয় মুখোমুখি বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা। বাইডেন জানিয়েছেন তিনি স্বাস্থ্য বিশেষজ্ঞদের নির্দেশনা মেনে চলছেন।

বলেন, আমি মনে করি, যদি তিনি এখনো করোনা আক্রান্ত থাকেন, আমাদের বিতর্কে অংশ নেয়া উচিৎ হবে না। গেলো বৃহস্পতিবার রাতে ট্রাম্প করোনা আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়। শুক্রবার রাতে তিনি ওয়াল্টার রিড মিলিটারি হাসপাতালে ভর্তি হন। তিনদিন পর সোমবার হাসপাতাল ত্যাগ করেন তিনি। হোয়াইট হাউসে ফিরে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন ট্রাম্প।

ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে থাকাকালীন ট্রাম্পকে ডেক্সামেথেসোন দেয়া হয়। এটি সাধারণত করোনায় তীব্র এবং জটিলভাবে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হয়। সে সময় তাকে কৃত্তিম অক্সিজেনও দেয়া হয়।

ট্রাম্পের উপদেষ্টা মিলার বলেন, মঙ্গলবার পর্যন্ত সেলফ আইসোলেশনে থেকে প্রতিদিন করোনা পরীক্ষা করিয়েছেন। সে সব নমুনায় করোনা ভাইরাস পাওয়া যায়নি। সবশেষ মঙ্গলবার যে নমুনা পরীক্ষা করিয়েছেন তাতে করোনা শনাক্ত হয়।

এক প্রতিবেদনে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠভাবে বিভিন্ন কাজে অংশ নিয়েছেন। ওহাইয়োতে অনুষ্ঠিত ২৭ সেপ্টেম্বরের প্রথম প্রেসিডেন্টশিয়াল বিতর্কে তিনি উপস্থিত ছিলেন। পরে ট্রাম্পের সঙ্গে তিনি এয়ার ফোর্স ওয়ানের ফ্লাইটে হোয়াইট হাউসে ফিরেন।

মিলারের স্ত্রী কেটি মিলার, যিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। মে মাসে তিনি করোনা আক্রান্ত হন। পরে সুস্থ হন। জুলাইতে মিলারের ৯৭ বছর বয়সী দাদি রুথ গ্লোসার করোনা উপসর্গ নিয়ে মারা যান।

যদিও হোয়াইট হাউস গ্লোসারের করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, বার্ধক্যজনিত কারণে ঘুমের মধ্যে শান্তিপূর্ণভাবে তিনি মারা গেছেন।

কিন্তু মিলারের চাচার ইস্যু করা মৃত্যুসনদে শ্বাসযন্ত্রের সংক্রমণ এবং করোনা আক্রান্ত হয়ে গ্লোসার মারা গেছেন বলে উল্লেখ করা হয়। প্রেসিডেন্টের ভাষণ লেখক মিলার। অভিবাসন বিষয়ে কট্টর মতবাদের জন্য তিনি বেশ পরিচিত।

কোস্ট গার্ডের ভাইস কমান্ডার অ্যাডামিরাল রে জানিয়েছেন, করোনা আক্রান্ত হয়ে তিনি মৃদু উপসর্গে ভুগছেন। এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, রে’র সঙ্গে যে সব কর্মকর্তা বৈঠক করেছেন তারা গেলো এক সপ্তাহ ধরে কোয়ারেন্টিনে আছেন। এখনো পর্যন্ত তাদের শরীরে করোনা শনাক্ত হয়নি। তাদের মধ্যে কোনো উপসর্গও দেখা দেয়নি।

কোস্ট গার্ডের কর্মকর্তারা মার্কিন গণমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে জানান, অ্যাডমিরাল রে কিভাবে, কার থেকে করোনা আক্রান্ত হয়েছে সেটি জানা যায়নি। ১০ দিন আগে তিনি হোয়াইট হাউসে একটি বৈঠকে অংশ নিয়েছিলেন; সেখান থেকে আক্রান্ত হয়েছেন কি না তা স্পষ্ট নয়।

কোস্ট গার্ড জানায়, সোমবার অ্যাডমিরাল রে’র শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। তিনি বাড়িতে আইসোলেশনে আছেন। তার সংস্পর্শে যারাই এসেছিলেন তাদের সবাইকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলেও জানানো হয়।

জয়েন্ট চিফ স্টাফ, যাদের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলা হয়, তারা ট্রাম্পের উপদেষ্টা হিসেবে কাজ করেন। গেলো সপ্তাহে অ্যাডমিরাল রে সঙ্গে বৈঠকের কারণে তারা কোয়ারেন্টিনে আছেন।

জয়েন্ট চিফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে, ভাইস চিফ অব স্টাফ, আর্মি চিফ অব স্টাফ, চিফ অব নেভাল অপারেশন, এয়ার ফোর্স চিফ অব স্টাফ, সাইবারকম কমান্ডার, স্পেস ফোর্স চিফ, চিফ অব ন্যাশনাল গার্ড এবং ডেপুটি কমান্ডার অব মেরিন ক্রপস কোয়ারেন্টিনে রয়েছেন। পেন্টাগনের মুখপাত্র জনাথন হাফম্যান গণমাধ্যমকে এক বিবৃতিতে জানান, তারা কোয়ারেন্টিনে থাকলেও স্বাভাবিক কার্যক্রম এবং মার্কিন আর্মড ফোর্সেসের মিশন সঠিকভাবে পরিচালিত হচ্ছে।

বলেন, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা বিকল্প জায়গা থেকে সম্পূর্ণভাবে মিশন পরিচালনা এবং তাদের দায়িত্ব পালনে সক্ষম। গেলো সপ্তাহের বৈঠকে যারা উপস্থিত ছিলেন, তাদের সংস্পর্শে কারা এসেছে সে বিষয়ে খোঁজখবর নিচ্ছে পেন্টাগন।

আগের সংবাদফিলিস্তিনি বন্দীদের পরিবারের তহবিল ‘বাজেয়াপ্ত’
পরবর্তি সংবাদফিলিস্তিনিদের ১ লাখ ৬৬ হাজার বাড়ি ভেঙে দিয়েছে ইজরাইল