
ফাতেহ ডেস্ক:
বাংলাদেশকে ‘উইপোকা’ অভিহিত করে মঙ্গলবার (০৩ অক্টোবর) খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা। তবে আনন্দবাজার নিজের বক্তব্য হিসেবে ‘উইপোকা’ শব্দ ব্যবহার না করে বিজেপির সভাপতি ও দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর অমিত শাহের উদ্ধৃতিকে ব্যবহার করে কৌশলী শিরোনাম দিয়েছে।
আনন্দবাজারের প্রকাশিত দীর্ঘ প্রতিবেদনটির শিরোনাম করা হয়েছে, ‘উইপোকা’ বাংলাদেশ অর্থনীতিতে টপকাচ্ছে ভারতকে! বিশেষজ্ঞরা বলছেন ‘ক্ষণস্থায়ী’। প্রতিবেদনে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন পরিসংখ্যান ও বিশ্লেষকদের বক্তব্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক অর্থভাণ্ডারের ভবিষ্যদ্বাণী, চলতি আর্থিক বছরে পার ক্যাপিটা জিডিপি বা মাথাপিছু উৎপাদনে ভারতকে ছাপিয়ে যাবে বাংলাদেশ! সেই বাংলাদেশ, যাকে ১৯৭১ সালে পাক-শাসনমুক্ত করে স্বাধীনতা উপহার দিয়েছিল ভারত। সেই বাংলাদেশ, যার আয়তন পশ্চিমবঙ্গের দেড়গুণের মতো, রাজস্থানের অর্ধেকেরও কম। যে দেশে শিল্প বলতে পোশাক, পুঁজি বলতে কমদামী শ্রমিক। এমন ‘উইপোকা’ই কি না টপকে যাবে ভারত নামক ‘হস্তি’কে? ৫৬ ইঞ্চির ছাতিকে হারিয়ে দিতে চলেছেন বঙ্গবন্ধুকন্যা? চাণক্যের পরাজয় হতে চলেছে ‘লেডি অব ঢাকা’র কাছে।’
এর আগে বাংলাদেশকে ‘খয়রাতি’ উল্লেখ করে গত জুন মাসে খবর প্রকাশ করেছিল ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ। বাংলাদেশে চীনের বড় বিনিয়োগের ঘোষণাকে খয়রাতি হিসেবে উল্লেখ করেছিল তারা। বাংলাদেশকে কটাক্ষ করার তালিকায় ছিল দেশটির আরেক প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা। পরে অবশ্য জি নিউজ খয়রাতি শব্দটি প্রত্যাহার করে এবং পাঠকের কাছে ক্ষমা চায়। ওই সময় আনন্দবাজারও তাদের প্রিন্ট ভার্সনে ‘ক্ষমা’ চেয়ে সংশোধনী দিয়েছিল।
