
ফাতেহ ডেস্ক:
শেষ হয়েছে মার্কিন নির্বাচনে ভোটগ্রহণ। ৪২টি রাজ্যের গণনা শেষে ২৩৮ ইলেকটোরাল ভোট পেয়ে এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিক্যান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩ ইলেকটোরাল ভোট। যে প্রার্থী ২৭০ ইলেকটোরাল ভোট পাবেন তিনিই পাবেন হোয়াইট হাউজের আসন।
তবে এবারের নির্বাচনে ১২০ বছরের মধ্যে সবচেয়ে বেশি ভোটার ভোট দিয়েছেন। ১৬ কোটির বেশি ভোটার এবার ভোট দিয়েছেন। গত ১২০ বছরের মধ্যে যা সর্বোচ্চ।
ইউএস ইলেকশন প্রজেক্ট বলছে, এবারে ভোটের হার ৬৬ দশমিক ৯ শতাংশ- যা ১৯০০ সালের পর থেকে সর্বোচ্চ। সে বছর রিপাবলিকান প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলি তার ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী উইলিয়াম জেনিংস ব্রায়ানকে হারিয়েছিলেন যাতে ভোটের হার ছিল ৭৩ দশমিক ৭ শতাংশ। তবে এবারের মতো নয়, বরং পরিষ্কার ফল এসেছিল সেবছর।
ইউএস ইলেকশন প্রজেক্টের প্রতিষ্ঠাতা প্রফেসর মাইকেল ম্যাকডোনাল্ড টুইটারে জানান, ২০২০ সালের নির্বাচনই ১২০ বছরের মধ্যে বেশি ভোট পড়েছে। এখনো যথেষ্ট সংখ্যক ব্যালট গণনার অপেক্ষায় আছে। আগামী সপ্তাহগুলোতে আমরা এসব তথ্য পরিমার্জন করবো।
বিবিসি বাংলা জানায়, এ বছর নির্বাচন পর্যবেক্ষকরা বড় ভোটদান দেখেছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। প্রায় দশ কোটিরও বেশি মানুষ করোনাভাইরাস পরিস্থিতির কারণে আগাম ভোট দিয়েছেন।
