
ফাতেহ ডেস্ক:
২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটে (বিজ্ঞান, কলা, ব্যবসা) স্নাতক ভর্তি পরীক্ষা নেওয়া হবে। বিলুপ্ত করা হবে সামাজিক বিজ্ঞান অনুষদের ঘ এবং চারুকলা অনুষদের চ ইউনিটের ভর্তি পরীক্ষা। তবে, এ বছর আগের নিয়মেই ভর্তি পরীক্ষা হবে।
রবিবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
মিটিংয়ে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বৈঠক শেষে উপাচার্য বলেন, ‘উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে তিনটি গ্রুপ আছে (বিজ্ঞান, কলা, বাণিজ্য) ভবিষ্যতে সেগুলোকে বিবেচনায় নিয়ে তিনটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষার কার্যক্রম পরিচালিত হবে। তিনটি ইউনিটের নামকরণ কী হবে, কীভাবে পরীক্ষা নেয়া হবে, তা পরে ঠিক করা হবে।’
উল্লেখ্য, মূলত উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটে পরীক্ষার মাধ্যমে ভর্তি হয়, মানবিক বিভাগের শিক্ষার্থীরা খ ইউনিট এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা গ ইউনিটের মাধ্যমে ভর্তি হয়ে আসছে৷ এ তিন ইউনিটে পরীক্ষার পর অনুষ্ঠিত হতো সামাজিক বিজ্ঞান অনুষদের ঘ ইউনিটের পরীক্ষা৷ যেটির মাধ্যমে তিনটি বিভাগের শিক্ষার্থীরা কেবল বিভাগ পরিবর্তনের জন্যই পরীক্ষা দিতেন। এক্ষেত্রে অনেকে বিজ্ঞান থেকে ব্যবসা বা মানবিকের বিষয়ে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিতেন। আবার ব্যবসা থেকে মানবিকে চলে আসার জন্য পরীক্ষা দিতেন।
