
ফাতেহ ডেস্ক:
পাকিস্তানের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে তীব্র ভর্ৎসনা করে তাকে ‘শিয়াল’ বলে অভিহিত করে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, শরিফ লন্ডনে বসে শিয়ালের মতো সেনাবাহিনীকে লক্ষ্য করে কথা বলছেন।
নওয়াজ শরিফ পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ সৃষ্টির অপচেষ্টা করছেন। দেশের রাজনীতিতে তাদের যুক্ত থাকার বিষয়টি টেনে এনে সেনাবাহিনী ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা-আইএসআইয়ে পরিবর্তন করার কথা বলছেন।
শনিবার (৭ নভেম্বর) খাইবার পাখতুনখাওয়ার মিনগোরাতে জনগণের সামনে দেয়া এক ভাষণে গত ১৬ অক্টোবর পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) ব্যানারে পাকিস্তানের বিরোধী দলগুলো যৌথ শোভাযাত্রায় ভার্চ্যুয়াল বক্তৃতায় নওয়াজেন অভিযোগের জবাবে তিনি এসব কথা বলেন।
ওই শোভাযাত্রায় তিনি সরাসরি দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও আইএসআই–প্রধান লেফট্যানেন্ট জেনারেল ফাইয়াজ হামিদের বিরুদ্ধে সাধারণ নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ করেন। ওই নির্বাচনে ইমরান খান জয়ী হন।
নওয়াজ শরিফ অসুস্থতার বাহানায় দেশ থেকে পালিয়ে গেছেন। তিনি দেশের সম্পদ লুট করে ধনী হয়েছেন বলেও কটাক্ষ করে ইমরান খান বলেন, মরিয়ম রাজনীতিতে পাকিস্তান সেনাবাহিনীর ভূমিকার জন্য সরাসরি অভিযুক্ত করছেন। তিনি নারী হিসেবে সুবিধা নিতে চাচ্ছেন। পাকিস্তান নারীদের সম্মান করে। কিন্তু নওয়াজ ও তার সন্তানেরা পাকিস্তানের মাটিতে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে পারেননি। তারা পালিয়ে গেছেন।
