
ফাতেহ ডেস্ক:
২০২১ সালে বেফাকের ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফযীলত মারহালার পরীক্ষায় অংশ নিতে সানাবিয়া উলইয়ার প্রবেশপত্র অথবা নম্বরপত্রের প্রয়ােজন নেই বলে জানিয়েছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)।
আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে বেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত মহাপরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মাওলানা মুহাম্মদ যুবায়েরের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ইলহাকভুক্ত সকল কওমী মাদরাসার মুহতামিমদের জানানাে যাচ্ছে যে, আসন্ন ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফযীলত মারহালার পরীক্ষায় অংশ গ্রহণের জন্য, পরীক্ষার্থীদের বিগত সনের সানাবিয়া উলইয়া মারহালার প্রবেশপত্র অথবা নম্বরপত্রের প্রয়ােজন নেই। অর্থাৎ ফযীলত মারহালার পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের সানাবিয়া উলইয়া মারহালার পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক নয়।
এছাড়াও চলতি ১৪৪২ হিজরী সনের তাকমীল তথা আল-হাইআতুল উলয়া’র পরীক্ষার নিবন্ধন ফরম ১২-১৫ রবিউস সানী ১৪৪২ হি. তারিখে মারকাযে প্রেরণ করা হবে। নিবন্ধন ফরম প্রাপ্তির সাথে সাথে তা পূরণ করে, নিবন্ধন ফরম জমা দানের নির্ধারিত শেষ তারিখ ২৩ রবিউস সানী ১৪৪২ হিজরীর মধ্যে বেফাক কেন্দ্রীয় দফতরে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আল-হাইআতুল উলয়া- এর ২০১৭ ঈ. হতে ২০১৯ ঈ. সনের ফলাফল বহি বেফাক অফিস হতে বিতরণ করা হচ্ছে। তাকমীল স্তরের মাদরাসার প্রতিনিধিগণ যারা বেফাক অফিসে আসবেন, তারা পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ হতে উক্ত ফলাফল বই সংগ্রহ করবেন।
