ফরাসি পণ্য বর্জন ও দূতকে বহিষ্কারের সিদ্ধান্তে সই পাকিস্তানি মন্ত্রীদের

আন্তর্জাতিক ডেস্ক:

দাবি মেনে নেওয়ার আশ্বাসে ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ সা.-কে নিয়ে ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ বন্ধ ঘোষণা করেছে তেহরিকে লাবাইক (টিইএল) দলের নেতাকর্মীরা। বিক্ষোভ থেকে এক মুখপাত্র বলেছেন, পাকিস্তান সরকার ফরাসি পণ্য বর্জন অনুমোদন করেছে।

তেহরিকে লাবাইক পার্টির মুখপাত্র ইজাজ আশরাফি টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিককে বলেছেন, পাকিস্তান সরকার ফরাসি সব পণ্য বর্জন অনুমোদন করেছে আনুষ্ঠানিকভাবে। এমন চুক্তিতে সরকার স্বাক্ষর করার পর আমরা বিক্ষোভ বন্ধ করেছি।

তবে চুক্তির বিষয়ে পাকিস্তান সরকার কোনো মন্তব্য করেনি। ওই চুক্তির একটি কপি দেখতে পেয়েছেন রয়টার্সের সাংবাদিক। তাতে দু’জন মন্ত্রী, একজন শীর্ষ স্থানীয় কর্মকর্তা ও তেহরিকে লাবাইক নেতাদের স্বাক্ষর দেখা যাচ্ছে।

ইজাজ আশরাফি আরো জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পার্লামেন্টের মাধ্যমে পাকিস্তান থেকে ফরাসি দূতকে বহিষ্কারের জন্য সরকার কাজ করবে। একই সঙ্গে প্যারিসে কোনো রাষ্ট্রদূত পাঠাবে না পাকিস্তান। অন্যান্য শর্তের সঙ্গে এসব শর্ত রয়েছে ওই চুক্তিতে।

রাজধানী ইসলামাবাদে এই বিক্ষোভে সোমবার অংশ নিয়েছেন কয়েক হাজার মুসলিম, নেতাকর্মী। বিক্ষোভের সময় রাজধানী ইসলামাবাদে প্রধান সড়কে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারী এই দলটি রাজধানীর প্রধান প্রবেশপথ বন্ধ করে রেখেছিল। এ সময় তাদের দাবি ছিল ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে এবং ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে হবে।

আগের সংবাদইরাক-আফগান থেকে আড়াই হাজার সেনা ফিরিয়ে নিচ্ছেন ট্রাম্প
পরবর্তি সংবাদজাতীয় অর্থনীতিতে ঈর্ষণীয় অবদান রাখছে ব্রাহ্মণবাড়িয়া