বাইডেন সরকারের ইনটেরিয়র মন্ত্রী হচ্ছেন আদিবাসী ডেভ হল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন প্রতিনিধি পরিষদ সদস্য ডেভ হল্যান্ডকে ইনটেরিয়র মন্ত্রী হিসেবে দায়িত্ব দিতে যাচ্ছেন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। নিউমেক্সিকো থেকে নির্বাচিত ডেমোক্র্যাটদলীয় কংগ্রেস সদস্য হল্যান্ড। তিনি লেগুনা পুয়েবলা আদিবাসী গোষ্ঠীর সদস্য। ২০১৮ সালে প্রথমবারের মতো প্রতিনিধি পরিষদে নির্বাচিত দুই আদিবাসী আমেরিকান নারীর একজন তিনি।

আল-জাজিরার খবরে এ তথ্য উঠে এসেছে।

এক বিবৃতিতে বাইডেনের ট্র্যানজিশনার টিম বলছে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে আসন্ন প্রশাসনে নেতৃত্ব দিতে যে কয়েকজনকে বাছাই করা হয়েছে, তাদের মধ্যে হল্যান্ড একজন। জলবায়ু সংকটের মুখোমুখি হওয়া বিশ্বকে নেতৃত্ব দিতে নির্বাচিত প্রেসিডেন্টের অ্যাজেন্ডাকে এগিয়ে নিয়ে যাবে এই টিম। ভালো-বেতনের কর্মসংস্থান সৃষ্টি, টেকসই সমাজ গঠন ও পরিবেশগত ন্যায়বিচারে ঐতিহাসিক বিনিয়োগে বাড়াতে তারা কাজ করবেন।

ইনটেরিয়র মন্ত্রী হলে তিনি কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা ৫০ কোটি একর ভূমি, ৬২টি ন্যাশনাল পার্ক এবং কেন্দ্রীয়ভাবে স্বীকৃত ৫৭৪টি স্বীকৃত আদিবাসী জনগোষ্ঠীর প্রায় ১৯ লাখ লোককে দেখভাল করবেন। তার মন্ত্রণালয়ের অধীনে থাকবে ব্যুরো অব ট্রাস্ট ফান্ডস অ্যাডমিনিস্ট্রেশন ও ব্যুরো অব ইন্ডিয়ান এডুকেশন। ব্যুরো অব ট্রাস্ট ফান্ডস অ্যাডমিনিস্ট্রেশনই আদিবাসীদের জন্য বরাদ্দ অর্থ কোথায় কীভাবে খরচ হবে তা পরিচালনা করে।

আগের সংবাদশিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ল ১৬ জানুয়ারি পর্যন্ত
পরবর্তি সংবাদদুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই মাদরাসা কমপ্লেক্স ও এতিমখানা