তাবলীগে মাওলানা সাদের অনুুসারী আলেমরা কারা?

নিজস্ব প্রতিবেদক :

তাবলীগ জামাতের সংকটে মাওলানা সাদের পক্ষে সাফাই বয়ানের জন্য এদেশের লাখো আলেমের নীতিগত সংশোধনী অবস্থানের বিরুদ্ধে তাবলীগ জামাতেরই ডজন খানেক আলেমকে পরিকল্পিতভাবে কাজে লাগানো হচ্ছে। আলেমদের সম্মিলিত অবস্থানের বিরুদ্ধে কিছু আলেমকে কাজে লাগিয়ে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়াই এর উদ্দেশ্য। কাকরাইল তাবলীগ মারকাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত একটি সূত্র এই তথ্য জানায়।

পারিবারিকভাবে তাবলীগের কাজে জড়িত সাল লাগানো ওই সূত্রটি আরও জানায়, দাওয়াত ও তাবলীগের কাজে সংকট তৈরি হয়েছে দিল্লীর মাওলানা সাদকে কেন্দ্র করে। মাওলানা সাদের ভ্রান্তিপূর্ণ বক্তব্যের ধারাবাহিকতা এবং পরামর্শ ছাড়াই নিজেকে আমীর ঘোষণায় এ সংকট দিনে দিনে বেড়েছে। প্রথমে দিল্লীর নেযামুদ্দীনে অবস্থানরত প্রবীণ তাবলীগী মুরব্বী আলেমরা তাকে বোঝাতে ব্যর্থ এবং তার অনুসারীদের দ্বারা কোনঠাসা হয়ে নেযামুদ্দীন মারকাজ ছেড়ে চলে যান। নেযামুদ্দীন ছেড়ে চলে যাওয়াদের অন্যতম মাওলানা আহমদ লাট ও মাওলানা ইবরাহীম দেওলা। শেষোক্ত জন আবার মাওলানা সাদেরই প্রত্যক্ষ উস্তাদ।

এ ঘটনার পরপর বিভিন্ন সময়ে দেওয়া মাওলানা সাদের ভ্রান্তিপূর্ণ বক্তব্যের বিষয়ে উপমহাদেশের প্রধান ইলমী প্রতিষ্ঠান ইউপির দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া দেওয়া হয়। সে ফতোয়ায় তার এসব বক্তব্যকে গুমরাহি হিসেবে চিহ্নিত করে এ থেকে রুজু (তওবা) করার আহ্বান জানানো হয়। কিন্তু মাওলানা সাদ এ ফতোয়াকে স্বাভাবিকভাবে নিতে পারেননি। অস্পষ্ট ও অগ্রহণযোগ্য উত্তর দিয়েছেন। আবার একইরকম বক্তব্যের ধারাবাহিকতা চালিয়ে গেছেন।

সূত্রটি জানায়, এখান থেকেই সংকটটি গভীর ও প্রকাশ্য হতে শুরু করে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের শীর্ষস্থানীয় ও সিংহভাগ আলেমদের সঙ্গেও মাওলানা সাদের দূরত্ব বাড়তে থাকে। আলেম সমাজ দেওবন্দের ফতোয়ার পক্ষে অবস্থান নেন। আর আলমী শুরা বা বিশ্ব তাবলীগী পরামর্শ মজলিসের সঙ্গে তার বিরোধ এরও আগে থেকেই তৈরী ছিল। এ পরিস্থিতিতে অনুগত তাবলীগী সাথীদের দিল্লীর নেযামুদ্দীনে ডেকে নিয়ে তিনি এতায়াতের (আনুগত্যের) বাইআত নেন। তাদেরকে আলেমদের সংশোধনী পরামর্শে কান না দিয়ে তার নেতৃত্বে দেশে দেশে কাজ এগিয়ে নিতে নির্দেশ দেন। এরপর থেকেই এতায়াতী তাবলীগী সাথীরা ঢাকাসহ দেশজুড়ে মারমুখী ও অপপ্রচারমূলক পদক্ষেপ নিতে মরিয়া হয়ে ওঠে। আর তাদের উৎসাহ যোগানের কাজটা আঞ্জাম দিতে ব্যবহৃত হতে শুরু করেন দেশের ডজন খানেক আলেম। দেশের লক্ষাধিক আলেমের বিরুদ্ধে গিয়ে তারা মাওলানা সাদের পক্ষে নানারকম সাফাই পেশ করে চলেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, কাকরাইল মারকাজে মাওলানা সাদ অনুসারীদের প্রধান কান্ডারি হলেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম, বর্ষীয়ান খান মুহাম্মদ নাছিম ও প্রফেসর ইউনুস শিকদার। তারাই এই আলেমদের নিয়ন্ত্রণ করছেন।

ওই আলেমদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন মাওলানা মোশাররফ হোসেন। তিনি কাকরাইল মারকাজের একজন শুরা সদস্য। আরেকজন হলেন বহুল বিতর্কিত একটি বইয়ের লেখক মুফতি আবদুল্লাহ মনসুর। তার লেখা ওই বইটিতে তিনি সাদ সাহেবকে আমীর না মেনে তার বিরুদ্ধাচরণ করলে ওই বিরুদ্ধাচরণকারীকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ছাড়াই হত্যা করা জায়েজ বলে মত দিয়েছিলেন। পরে আলেমদের সর্বাত্মক জবাবদিহির মুখে তাকে ক্ষমা চাইতে হয়। অভিযোগ রয়েছে, জেলায় জেলায় সাধারণ তাবলীগী ও আলেমদের জোড় পন্ড করতে প্রশাসনের কাছে মিথ্যা অভিযোগ মেশানো খসড়া আবেদনপত্র ঢাকা থেকে পাঠানোর কাজটি তাকে দিয়েই করানো হয়। তিনি আবেদনপত্রটি স্থানীয় এতায়াতী (সাদ অনুসারী) তাবলীগী ভাইদের কাছে পাঠান। তারা সেটা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে জমা দিয়ে জোড় অনুষ্ঠানটি বন্ধ করার ব্যবস্থা করেন। (তার বিতর্কিত বই ও চিঠির কপি ফাতেহ24 এর কাছে পৌঁছেছে।)

ব্যবহার করা হচ্ছে এমন আরেকজন হলেন মুফতি উসামা। তিনি কাকরাইলের মুরব্বি ওয়াসিফুল ইসলামের ছেলে। চলন বলন, বিনোদন জগতের মানুষের সঙ্গে বেশি মনোযোগ, সেলফিপ্রবণতা ও বক্তব্যের জন্য তাকে নিয়েও বিতর্ক আছে। সম্প্রতি ধানমন্ডি তাকওয়া মসজিদের খতিবের দায়িত্ব থেকে এ জাতীয় অভিযোগেই তাকে অব্যহতি দেওয়া হয়েছে। এ তালিকায় আরো রয়েছেন মাওলানা মুনির বিন ইউসুফ, মাওলানা মোহাম্মদুল্লাহ ও মাওলানা আশরাফ আলী। এরা সবাই কাকরাইল মারকাজে অবস্থান করেন। শেষোক্ত জন কয়েক বছর আগে মুরব্বিদের সিদ্ধান্ত ছাড়া জোড়ের সময় বয়ানের মিম্বর দখলে রাখার একটি ঘটনায় স্টেজের পেছনে মারধরের শিকার হয়েছিলেন। ঘটনাটি তখন আলোচনায় ছিল।

কাকরাইলের ঘনিষ্ঠ সূত্রটি আরো জানায়, এতায়াতী সাথীদের মাঝে মাওলানা সাদের পক্ষে জোরালো সাফাই বয়ান পেশ করেন এমন কয়েকজন আছেন যারা কাকরাইলের বাইরে অবস্থান করেন। এদের একজন মাওলানা আতাউর রহমান। বারিধারার কাছে কোকাকোলা মসজিদ মাদরাসার সঙ্গে যুক্ত এই আলেম। চট্টগ্রামের জিরি মাদরাসায় পড়াশোনা করেছেন।  কয়েকজন আলেমের সঙ্গে তার সম্পর্ক থাকলেও তিনি এ ব্যাপারে কারো কথা শুনেছেন না। আরেকজনের নাম মুফতি জিয়া বিন কাসেম। সাভারে থাকেন। গত ইজতেমার সময় যখন মাওলানা সাদ কাকরাইল মসজিদে এসে উঠেছেন, টঙ্গীর ময়দানে যেতে পারেন নি, তখন সাভার থেকে টঙ্গীর ময়দানে কোনো জামাত না যোগ দেয় এ উদ্দেশ্যে অপপ্রচার ও চেষ্টা চালিয়ে তিনি আলোচিত হন।

উত্তরা দক্ষিণ খানের মুফতি মিজানুর রহমানের নামও এ সারিতে রয়েছে। এদের সঙ্গে আরো কিছু নবীন সাল লাগানো আলেম রয়েছেন। অসুস্থতার কারণে কাকরাইল মারকাজের অসক্রিয় দুজন শুরা সদস্যের কোনো কোনো ছেলেও এদলের সঙ্গে মিলে কাজ করেন। ঢাকার বাইরে কুমিল্লার মাওলানা ইয়াহইয়া, বরিশালের মাওলানা হাবীবুল্লাহ, ফেনীর হাফেজ নুরুদ্দীন ও মাওলানা রিয়াজও সাদ সাহেবের আনুগত্য প্রতিষ্ঠার কাজে লেগে আছেন।

কুড়িল এলাকার এক তাবলীগী আলেমের সঙ্গে কথা বলে জানা গেছে, জমহুর ওলামায়ে কেরামের বিরুদ্ধে গিয়ে মুষ্টিমেয় কয়েকজন মাওলানা সাদ ও ওয়াসিফুল ইসলামদের হয়ে কাজ করলেও সত্য হলো, সারা দেশের দশটি মাদরাসাকেও তারা তাদের দলে ভেড়াতে পারেননি। তবে ঢাকার কোনো কোনো আলেম নেপথ্যে থেকে তার ছোট বড় অনুসারীদের এ কাজে লাগানোর চেষ্টা করছেন। মাওলানা সাদের পক্ষে একজন আলোচিত আলেমের ভিডিও বক্তব্য আলেম তাবলীগী সাথীদের মধ্যে এই ধারণা জোরদার করেছে। আর সর্বমহলে গ্রহণযোগ্য মুফতি আবদুল মালেক সাহেবের ফতোয়ার বিরুদ্ধে কিছু অল্পবয়সী আলেমের অশ্লীল ও হিংসাত্মক বিবৃতি প্রকাশের মাধ্যমে এ ধারণা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

তাবলীগ জামাতে সময় দেওয়া একজন মুরব্বী আলেম বলেন, ভ্রান্তির পথে যাওয়া মাওলানা সাদের সাফাই গাওয়ার কাজ কোনো আলেমের জন্যই মানানসই না। এ কাজে তাদের বোকামিই জাহের হচ্ছে। দরকার হলো, দারুল উলুম দেওবন্দের ফতোয়া ও জমহুর ওলামায়ে কেরামের সংশোধনী মেনেে সুরাহার পথে যাওয়া। যত গোঁয়ার্তুমি হবে তত তারা বিচ্ছিন্ন হবে। আপাতত সংকট বাড়ছে মনে হলেও এ সঙ্কট শিগগির কেটে যাবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, কাকরাইল মারকাজের প্রধান পাঁচজন আলেম শুরা সদস্য মাওলানা সাদের ভ্রান্তিগুলো সংশোধনের পক্ষে। তারা দেওবন্দের ফতোয়া ও জমহুর উলামায়ে কেরামের সিদ্ধান্ত মেনে দাওয়াত ও তাবলীগের কাজ এগিয়ে নিচ্ছেন। তারা হলেন, কাকরাইল মারকাজ মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের, মাওলানা মুহাম্মদ হুসাইন, মাওলানা রবিউল হক, মাওলানা ওমর ফারুক ও মাওলানা ফারুক।। এদের সঙ্গেই আছেন দেশের বেশীর ভাগ শিক্ষিত ও সাধারণ তাবলীগী সাথী। সব পর্যায়ের প্রায় আলেমরা তাবলীগের কাজে তাদের সহযোগিতা করছেন।

আগের সংবাদবিদেশি আগ্রাসনের বিরুদ্ধে মরণজয়ী সংগ্রামের ইতিহাস এদেশের মানুষের রয়েছে -মাও. আবদুল লতিফ নেজামী
পরবর্তি সংবাদআমরা যেভাবে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করব