
ফাতেহ ডেস্ক:
কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানি সৌদি আরবের আলুলায় জিসিসি শীর্ষ সম্মেলনে তার উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। দেশটির এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের আলুলা শহরে ৪১তম জিসিসি শীর্ষ সম্মেলনের ঠিক আগে কাতার আমীরের এ ঘোষণা আসে।
খবরে বলা হয়েছে, মঙ্গলবার থেকে শুরু হওয়া উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের বৈঠকে অংশ নিতে কাতারের আমীর একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
এর আগে সোমবার কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেন যে, সৌদি আরব কাতারের জন্য বিমান, স্থল ও সমুদ্রসীমা পুনরায় চালু করতে সম্মত হয়েছে। এর পর সন্ধ্যা থেকে তা খুলে দেওয়া হয় এবং এর মাধ্যমে দোহার ওপর আরোপিত তিন বছরের নিষেধাজ্ঞার অবসান ঘটলো।
এদিকে, জিসিসি সম্মেলনের আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন যে, আলুলায় মঙ্গলবার উপসাগরীয় আরব নেতাদের আসন্ন জিসিসি শীর্ষ সম্মেলনের উদ্দেশ্য হবে, এই অঞ্চলের স্বচ্ছলতা ও উন্নয়নকে এগিয়ে নিতে একত্রে কাজ করা।
