ট্রাম্পের সমর্থনে হোয়াইট হাউসের বাইরে ‘জনস্রোত’

ফাতেহ ডেস্ক:

গত নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইলেক্টোরাল কলেজ ভোটের আনুষ্ঠানিকভাবে বৈধতা জানাতে আজ বুধবার মার্কিন কংগ্রেসে বৈঠকে বসেছেন দেশটির আইনপ্রণেতারা। সেটিকে কেন্দ্র করে এবং বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানাতে হোয়াইট হাউস ও হাউস অব কংগ্রেসের বাইরে জড়ো হয়েছেন অসংখ্য মানুষ।

আল জাজিরার খবরে বলা হয়েছে, বুধবার কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে ইলেক্টোরাল কলেজ ভোটগুলো পাবেন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প ফলাফল পাল্টে দেয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন।

সেটির প্রতি সমর্থন জানাতে হোয়াইট হাউসের ঠিক দক্ষিণে এলিপ্সে কয়েক হাজার মানুষ সূর্যোদয়ের আগে থেকেই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। তারা আশা করছেন, সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন রিপাবলিকান নেতা।

এদিকে, বৈঠকে নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানানোর কথা রয়েছে ১১ জন রিপাবলিকান সিনেটরের। সম্প্রতি এক যৌথ বিবৃতিতে তারা এ কথা জানায়।

যে ১১ জন সিনেটর এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন, তারা হলেন- সেন টেড ক্রুজ, রন জনসন, জেমস ল্যাঙ্কফোর্ড, স্টিভ ডেইনস, জন কেনেডি, মার্শা ব্ল্যাকবার্ন, মাইক ব্রাউন, সিন্থিয়া লুমমিস, রজার মার্শাল, বিল হাগের্টি এবং টমি টিউবারভিলে।

অন্যদিকে, ফলাফল নিয়ে আপত্তি জানাবেন না বলে জানিয়েছেন তিন জন রিপাবলিকান সিনেটর। তারা হলেন- উত্তর ডাকোটা থেকে কেভিন ক্র্যামার ও জন হোয়েভেন এবং পশ্চিম ভার্জিনিয়া থেকে শেলি মুর ক্যাপিটো।

আগের সংবাদমাহফিলে জোরে মাইক না বাজানোর সুপারিশ সংসদীয় কমিটির
পরবর্তি সংবাদআনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করলো সুদান-ইজরাইল