হেফাজত ইসলাম কোন নির্বাচনে কাউকে মনোনয়ন বা সমর্থন দেয় নি —আল্লামা শাহ আহমদ শফী

ফাতেহ২৪ ডটকম ডেস্কঃ

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ও মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী আজ একযুক্ত বিবৃতিতে বলেছেন, আমরা দেশবাসীকে পরিস্কার ভাবে জানাতে চাই যে,জাতীয়, স্থানীয় বা সিটি নির্বাচনে হেফাজত কাউকে মনোনয়ন বা সমর্থন দেয় নি, দিবেও না। হেফাজত কোন নির্বাচনে অংশগ্রহণও করবে না। ইলেক্ট্রনিক, প্রিন্ট , স্যোসাল মিডিয়া বা ব্যক্তি বিশেষের কথায় বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা সকলের প্রতি আহবান জানাচ্ছি।

 

সম্প্রতি কয়েকটি জাতীয় দৈনিকে “আগামী সংসদ নির্বাচনে হেফাজতের প্রার্থী তালিকা চুড়ান্ত” এবং সিটি নির্বাচনে হেফাজতের সমর্থন” ইত্যাদি শিরোনামে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করে হেফাজত নেতা-কর্মী, আলেম-উলামা ও ধর্মপ্রাণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

তাঁরা আরো বলেন, হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক, আধ্যাত্মিক ও আত্মসংশোধনমূলক সংগঠন। মুসলমানদের ঈমান-আক্বীদা, সভ্যতা-সংস্কৃতি, ইসলামের বিধান ও প্রতীকসমূহের হেফাজত করার জন্যে মুসলমানদের সচেতন করে তোলা এবং ধর্মীয় ইস্যুতে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখা হেফাজত ইসলামের প্রধান লক্ষ্য। হেফাজতে ইসলাম মুসলমানদের ঈমান-আক্বীদা ও তাহযীব-তামাদ্দুন সংরক্ষণে সর্বাত্মক ও আপোসহীন ভূমিকা পালন করে যাবে ইনশাআল্লাহ।

হেফাজত নেতৃদ্বয় বলেন, তথ্যপ্রযুক্তির উন্নয়নের সাথে সাথে ফেতনাও দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে মুসলমানদের মধ্যে হিংসা, বিদ্বেষ ও বিভেদ বাড়ছে। ওলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কূটচাল ব্যর্থ হয়ে হেফাজতকে নিয়ে সেকুলার মিডিয়া উদ্দেশ্যমূলক প্রোপাগান্ডা ও মিথ্যাচার চালাচ্ছে।

নেতৃদ্বয় আরো বলেন, হেফাজত কোন রাজনৈতিক সংগঠন নয় এবং কোনো রাজনৈতিক লক্ষ্য হেফাজতের নেই। কারো সঙ্গে আমাদের রাজনৈতিক স্বার্থভিত্তিক বন্ধুত্ব বা শত্রুতা নেই। রাজনৈতিক কোন মোর্চার সাথে হেফাজতের কোন সম্পর্কও নেই।

উল্লেখ্য, সম্প্রতি আসন্ন বরিশাল সিটি নির্বাচনে হেফাজতের সমর্থনের বিষয়ে স্যোসাল মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি পক্ষের অসত্য প্রচারনার বিরুদ্ধে আমীরে হেফাজত ও মহাসচিবের এই বিবৃতি প্রদান করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিপুর্বে আমীরে হেফাজতের অফিস থেকে বরিশাল সিটি নির্বাচনে আমীরে হেফাজতের সমর্থন মর্মে প্রচারকৃত বানোয়াট, মিথ্যা প্রচারনায় তৈরিকৃত ধুম্রজাল নিরসনে- নাম,পরিচয় তুলে ধরে সুস্পস্ট বিবৃতি প্রদান করা হয়েছিল।

আগের সংবাদচট্টগ্রাম থেকে মদীনা শরীফ- প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন
পরবর্তি সংবাদপাঁচ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৬