দিনাজপুরে পৌরনির্বাচন: ৮৭ প্রার্থীর মধ্যে ৩৪ জনই দেখেননি কলেজের মুখ

ফাতেহ ডেস্ক:

দিনাজপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৬ জানুয়ারি। এ নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী মোট ৮৭ জন প্রার্থীর ৩৪ জনই শিক্ষাজীবনে দেখেনি কলেজের মুখ। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস।

যুগান্তরের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মনোনয়নপত্রের সঙ্গে দাখিলকৃত হলফনামা যাচাই করে প্রতিবেদনে বলা হয়েছে, ৮৭ জন প্রার্থীর মধ্যে মাধ্যমিক পাস করেছেন ৭ জন, উচ্চ মাধ্যমিক ১৭ জন, স্নাতক পাস করেছেন ২৪ জন এবং মাস্টার্স পাস করেছেন একজন। আর ৪ জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

দিনাজপুর পৌরসভা নির্বাচনে ১২টি ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৪ জন প্রার্থী। তাদের মধ্যে অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন ২২ জন, মাধ্যমিক পাস করেছেন ৪ জন, উচ্চ মাধ্যমিক পাস করেছেন ১৩ জন এবং স্নাতক পাস করেছেন ২১ জন।

সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ৪টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮ জন প্রার্থী। এই ১৮ জনের মধ্যে ১২ জন অষ্টম শ্রেণি পাস, একজন মাধ্যমিক পাস এবং ৫ জন পাস করেছেন উচ্চ মাধ্যমিক। স্নাতক পর্যন্ত কেউ লেখাপড়া করেননি নারী প্রার্থীদের মধ্যে।

মেয়র পদে মোট ৫ জন প্রার্থীর মধ্যে মাস্টার্স পাস করেছেন একজন, স্নাতক পাস করেছেন ৩ জন এবং মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করেছেন একজন প্রার্থী।

এ ব্যাপারে দিনাজপুর পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জায়েদ ইবনে আবুল ফজল জানান, পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড বেঁধে দেয়া হয়নি নির্বাচন কমিশন থেকে। তবে হলফনামায় প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অবশ্যই উল্লেখ করতে হবে এবং এর প্রমাণাদি পেশ করতে হবে।

উল্লেখ্য, ১৮৬৯ সালে স্থাপিত দিনাজপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৮০৩ জন। এই ভোটাররাই আগামী ১৬ জানুয়ারি নির্বাচিত করবেন ৫ জন প্রার্থীর মধ্যে একজন মেয়র, ৬৪ জনের মধ্য থেকে ১২ জন কাউন্সিলর এবং ১৮ জন প্রার্থীর মধ্য থেকে ৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরকে।

 

আগের সংবাদবাঞ্ছারামপুরের মধ্যনগরে সাউন্ড বক্স বাজানো নিষিদ্ধ
পরবর্তি সংবাদকাতারের আমিরের সঙ্গে হামাস নেতার সাক্ষাৎ