কখন, কীভাবে নফল হজ্ব করব

ফাতেহ ডেস্ক: হজ্বের মাসগুলোর সমাপ্তি হয় যিলহজ্ব মাসে। আল্লাহ তাআলা যাদেরকে হজ্ব করার তাওফীক দেন তারা হজ্ব করেন। আর যাদের হজ্ব করার তাওফীক হয়নি তাদের জন্যও দশই যিলহজ্বে রয়েছে অন্য ইবাদত। শেষ পর্যন্ত কুরবানীর মধ্য দিয়ে তাদের আমল সমাপ্ত হয়। এ পুরো সময়টিই আসলে ইবাদতের সময়।

এখন যে সময়টা পার হচ্ছে এটি ‘হজ্বের মাসসমূহ’-এর অন্তর্ভুক্ত। আল্লাহর নেক বান্দারা দুনিয়ার নানান প্রান্ত থেকে বাইতুল্লাহ শরীফ অভিমুখে ছুটছেন। মনে হচ্ছে, দুনিয়ার একদম মধ্যখানে অবস্থিত বাইতুল্লাহ শরীফের মাঝে কোনো চুম্বক লাগানো আছে। এই চুম্বক চারদিক থেকে মানুষকে টেনে আনছে। হযরত ইবরাহীম আ. বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। তিনি দুআ করেছেন-

فَاجْعَلْ أَفْئِدَةً مِنَ النَّاسِ تَهْوِي إِلَيْهِمْ وَارْزُقْهُمْ مِنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ

তরজমা: সুতরাং মানুষের অন্তরে তাদের প্রতি অনুরাগ সৃষ্টি করে দিন এবং ফলাদি দ্বারা তাদের রিযিকের ব্যবস্থা করে দিন যেন তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। (সূরা ইবরাহীম : ৩৭)

অর্থাৎ হে আল্লাহ! মানুষের

অন্তরগুলোকে এমন বানিয়ে দিন যে, তারা যেন ছুটে ছুটে বাইতুল্লাহর কাছে চলে আসে।’ এ দুআ এমনভাবেই কবুল হয়েছে যে, ধারাবাহিকভাবে সব যুগে আগ্রহ, মহববত ও শ্রদ্ধা নিয়ে মানুষের কাফেলা বাইতুল্লাহর অভিমুখে ছুটে আসছে। বিশেষত হজ্বের মওসুমে এ দৃশ্যটি এমনভাবে চোখে পড়ে যে, একটি চুম্বক যেন চারদিক থেকে তাওহীদ অবলম্বনকারীদের টেনে টেনে আনছে নিজের দিকে।

কুরআনে করীমে বর্ণিত হয়েছে, যখন মানুষ হজ্বের উদ্দেশে বের হয় তখন সে হজ্বের কল্যাণ ও উপকারিতাগুলো নিজের চোখে প্রত্যক্ষ করে। হজ্বে গমনকারী প্রত্যেকেই এ বিষয়টি স্বীকার করবেন যে, হজ্ব চলাকালে দুনিয়া ও আখেরাতের অসংখ্য কল্যাণ তারা দেখতে পান। মোটকথা হজ্বের কল্যাণ ও উপকারিতা অগণিত অসংখ্য।

নফল নামাযের ফযীলত অনেক। এ নামাযের বহু সওয়াব ও উত্তম প্রতিদান রয়েছে। কিন্তু যে মুহূর্তে মানুষের ওপর অন্য কোনো দায়িত্ব অর্পিত থাকে তখন তার জন্য নফল নামায পড়া নিষিদ্ধ। উদাহরণস্বরূপ, বাড়িতে বাবা অথবা মা, বিবি অথবা বাচ্চা অসুস্থ। কষ্ট ও যন্ত্রণায় ভুগছে। ব্যথায় চিৎকার করছে। তার চিকিৎসার জন্য আপনার এখন তার দিকে মনোযোগ দেওয়া খুব দরকার।

সে সময় সেদিকে না তাকিয়ে আপনি যদি নফল পড়তে থাকেন, তাহলে সেটি শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে না। কারণ ওই সময়ের দাবি হচ্ছে ওই অসুস্থ ব্যক্তির শুশ্রূষা তরা ও তার প্রতি মনোযোগ দেওয়া। তখন অসুস্থ ব্যক্তিকে নিয়ে ব্যস্ত হলেই বেশি সওয়াব

পাওয়া যাবে।

কোনো প্রতিষ্ঠানের কর্মচারী একজন। ডিউটি করার জন্য নিজের আট ঘণ্টা সময় তিনি বিক্রি করে দিয়েছেন। তার কর্তব্য হচ্ছে ওই আট ঘণ্টা সময় দায়িত্ব পালনে ব্যয় করা। এক্ষেত্রে যদি তিনি তার ডিউটি ছেড়ে নফল নামায পড়তে শুরু করেন তাহলে সেটা তার জন্য জায়েয হবে না; বরং দায়িত্বে অবহেলার গুনাহ হবে। নফল নামায অত্যন্ত ফযীলতের আমল হওয়া সত্ত্বেও এমনটি হবে।

একইভাবে ঋণের মতো অন্যান্য বহু পাওনাদির বিষয়েও মনোযোগ দিতে হবে। অনেক শিল্প প্রতিষ্ঠানের মালিক ও বিত্তবানকে দেখা যায়, প্রতিষ্ঠানে কর্মরতদের বেতন-বোনাস বকেয়া রেখে এবং তাদের কষ্টের মধ্যে ফেলে রেখে তারা নফল হজ্ব কিংবা উমরায় চলে যান। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

আগের সংবাদজুনায়েদ বাবুনগরী অসুস্থ, হাসপাতালে ভর্তি
পরবর্তি সংবাদখেলার মাঠগুলো কোথায় হারিয়ে গেলো?