
কাজী মাহবুবুর রহমান ঃ
আমাদের ছিল ডাংগুলি খেলবার দিন। শৈশবে আমরা মূলত ছুটে বেড়িয়েছি বেশি। কোত্থেকে কোথায় চলে গেছি তার ঠিক ঠিকানা নেই। দুপুরের পর ঘর পালিয়ে ছুট দিতাম।এক ছুটে একটা আস্ত দুপুর বিকেল গড়িয়ে সন্ধ্যার গায়ে আছড়ে ফেলতাম সময়। আমাদের ছিল গোল্লাছুট , ভোঁ-দৌড়ের অফুরন্ত খোলা মাঠ। কখনো অকারণেই শুধু শিশুবেলার তাড়নায় দৌড়ে পেরিয়ে গেছি গ্রাম। যেখানে পথের শেষ, হয়ত নদী কিংবা শহরের শুরু, আমরা সেখান থেকে ফিরে আসতাম। পায়ে পায়ে লেগে থাকত পথের ধুলো আর খোলামাঠের মাটিভেজা সোদা গন্ধ।
শহরে থিতু হবার পর কেবলই মনে হয়, জীবন বুঝি ছোট হয়ে এল এক খন্ড ডাংগুলির চেয়েও। একটা পুকুর ও গোল্লাছুটের চেয়েও ক্ষুদ্র শহর বুঝি গ্রাস করে নিতে চলল আমাদের। শহরের শিশুদের এক ঘরের বারান্দায় পায়চারি করতে দেখি। খেলার মাঠগুলি দিন দিন দুর্লভ হয়ে যাচ্ছে। এবং প্রতিনিয়ত দালান তুলে আকাশ ছোঁয়ার যেই প্রতিযোগিতা চলছে,তাতে এক সময় জাতীয় স্টেডিয়ামগুলো ছাড়া বুঝি আর কোনো মাঠই থাকবে না।
দুই হাজার দশ সালেও ঢাকায় অনেক মাঠ দেখেছি। চোখের সামনে সব বদলে গেল। সেসব জায়গায় গড়ে ওঠা বিল্ডিংগুলিরও এখন পলেস্তরা খসে যেতে শুরু করেছে। বিশ্বাসই হতে চায় না এখানে কোনোদিন মাঠ ছিল। শহরের বেশীরভাগ শিশুই এখন খেলাধুলার জন্য বেছে নিয়েছে মোবাইল, কম্পিউটার ইত্যাদি ইলেক্ট্রনিক সব মাধ্যম। এছাড়া আসলে কিছু করারও নেই। ঢাকার মাঠগুলির অবস্থা অত্যন্ত করুণ। বেশিরভাগ মাঠেই দেখা যায়, ফাঁকা জায়গা হওয়ার কারণে সবার অজান্তেই গড়ে উঠেছে এক খন্ড ডাস্টবিন।
সরকারের অধীনস্ত মাঠের প্রায় অনেকগুলিই দখল হয়ে গেছে সরকারী লোকের হাতে। অবশিষ্টগুলির দেখাশোনা ও পরিস্কার পরিচ্ছন্নতার জন্য নেই কোনো সরকারী অর্থায়ন। বৃষ্টিতে কাঁদা হয়ে আবার সেই উঁচুনীচু মাটিই রোদে শুকিয়ে কাঠ হচ্ছে। ঢাকা জনবসতীর দিক থেকে শীর্ষস্থানে অবস্থান করা একটি শহর। সেই তুলনায় অপ্রতুল খোলা জায়গাগুলিতে গেলে মন খারাপই হয়। আমরা গ্রামে ছুটিয়ে বেড়িয়েছি প্রতিদিন মাঠের পর মাঠ, ক্ষেতের পর ক্ষেত। এক গ্রাম ছেড়ে চলে গেছি অন্যগ্রামে। আর এখানে ক্রিকেট, ফুটবল সহ বহু প্রকৃতির খেলা এই এক মাঠেই হয়। বাইশজন খেলা যায় এমন মাঠে দুইশর অধিক ছেলে বাধ্য হয়ে খেলে। এই অভাব আমাদের উঠতি শৈশব ও তারুণ্যকে বাধাগ্রস্থ করতে ভুমিকা রাখবে।
এর জন্য প্রয়োজন ছিল সঠিক নগরায়ন। তা হয়নি। আদৌ কোনো সফল উদ্যোগ আসবে কিনা জানি না। এসব দেখে দেখে আমার মনে পড়ে এক হাত বোলতা, তের হাত শিং,মৌচাকে ঢিল, পায়ে পায়ে লেগে থাকা পথের ধুলো আর মাটিভেজা সোদা গন্ধের দিন।
