
ফাতেহ ডেস্ক:
বিভিন্ন জায়গায় ওয়াজ-মাহফিল বন্ধ, বক্তাদের আলোচনায় বাধা প্রদান ও মাদরাসা ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহ ইত্তেফাকুল উলামার পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২২ জানুয়ারি) বাদ জুমা ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর উদ্যোগে আয়োজিত ময়মনসিংহ বড় মসজিদ চত্ত্বরে মাওলানা আব্দুর রাহমান হাফেজ্জীর সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের শীর্ষ আলেমদেরকে তাদের দ্বীনি দায়িত্ব পালনে বাধা দেয়া হচ্ছে। ওয়াজ-মাহফিলে কারা কথা বলবেন, কারা বলবেন না বিজ্ঞ উলামায়ে কেরাম তা নির্ধারণ করবেন, কোনো ব্যক্তি বা দল এটা নির্ধারণ করতে পারে না। ধর্মীয় আলোচকদের ওপর থেকে অলিখিত সকল বিধি-নিষেধ তুলে নিয়ে স্বাধীনভাবে কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে বলে জানান বক্তারা।
মুফতী শরীফুর রহমানের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা খালেদ সাইফুল্লাহ সা’দী, মাওলানা আব্দুল হক, মাওলানা আনওয়ারুল হক, মুফতী ফজলুল হক, মুফতী আহমদ আলী, মাওলানা দেলাওয়ার হোসাইন, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা জাকারিয়া, মুফতী মুহিব্বুল্লাহ, মাওলানা মঞ্জুরুল হক, মুফতী মাহবুবূল্লাহ, মাওলানা আবু হানিফা নো’মান, মাওলানা মুহাম্মদ, মাওলানা নূরুল আবসার মাসুম, মুফতী আমীর ইবনে আহমদ, শাহ মুশাররফ, মুফতী গোলাম মাওলা ভূঁইয়া, মাওলানা রশিদ আহমদ ফেরদাউস, মুফতী আকরাম হুসাইন ও মাওলানা চৌধুরী নাসির আহমদ প্রমুখ।
