বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত, প্রমাণ আছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের জড়িত থাকার দালিলিক প্রমাণ রয়েছে। জাতির সামনে তা উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়াউর রহমান জড়িত থাকার দালিলিক প্রমাণ রয়েছে। কিন্তু তার দলের পক্ষ থেকে বলা হচ্ছে, তিনি খুনের সঙ্গে জড়িত নন। এজন্য তার কী সম্পৃক্ততা আছে সেটার দালিলিক প্রমাণ ও তথ্যাদিসহ জাতির সামনে উপস্থাপন করা হবে।

তিনি আরো বলেন, জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বীর উত্তম বাতিলের বিষয়টি প্রস্তাব আকারে রয়েছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ জানতে কিছুটা অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি। জিয়াউর রহমান বঙ্গবন্ধু খুনি হিসেবেই খেতাব বাতিলের প্রস্তাব দিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল।

গত ৯ ফেব্রুয়ারী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল-জামুকা সভায় জিয়ার ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সুপারিশ করা হয়। একই সঙ্গে বঙ্গবন্ধুর চার দণ্ডপ্রাপ্ত খুনির মুক্তিযোদ্ধার খেতাব বাতিলেও সুপারিশ করা হয়।

বাংলাদেশের স্বাধীনতার চার বছরের মাথায় ১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনার নেতৃত্বে ছিলেন কয়েকজন সেনা কর্মকর্তা, যদিও এর পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্রের কথা আওয়ামী লীগ নেতারা বরাবরই বলে আসছেন।

বঙ্গবন্ধু নিহত হওয়ার দশ দিনের মাথায় সেনাপ্রধানের দায়িত্ব পাওয়া জিয়াও ওই হত্যাকাণ্ডে পুরোপুরি জড়িত ছিলেন বলে বিভিন্ন সময়ে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতির পিতার খুনিদের রক্ষায় সে সময় একটি অধ্যাদেশ জারি করেছিলেন তখনকার ‘স্বঘোষিত’ রাষ্ট্রপতি খোন্দকার মোশতাক আহমেদ। পরে জিয়াউর রহমান ক্ষমতা নিয়ে সংবিধান সংশোধন করে খুনিদের রক্ষার পথটি স্থায়ী করার প্রয়াস চালান। হত্যাকারীদের নানা পদ দিয়ে পুরস্কৃত করা হয়।

-এটি

আগের সংবাদসৌদিতে আরও ২০ দিনের নিষেধাজ্ঞা বাড়ল
পরবর্তি সংবাদমিয়ানমারে রাতভর অভিযান, দিনভর বিক্ষোভ