সঙ্কট নিরসনে কতটুকু ভূমিকা রাখবে ওয়াজাহাতি জোড়ের ৬ সিদ্ধান্ত?

ওমর ফারুক: 

তাবলীগের বর্তমান সঙ্কট নিরসনে শনিবার মোহাম্মদপুরে অনুষ্ঠিত ওয়াজাহাতি জোড়ে সর্বসম্মতিক্রমে  ছয়টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ ছয় সিদ্ধান্তের ওপর বাংলাদেশে তাবলীগ জামাত পরিচালিত হবে বলে  আলেমরা সিদ্ধান্ত নিয়েছেন।

ছয় সিদ্ধান্তের মধ্যে প্রধান সিদ্ধান্ত হচ্ছে, তিনটি কারণে তাবলীগের কেন্দ্রীয় মারকায দিল্লির নিজামুদ্দীন মসজিদের বর্তমান আমির মাওলানা সা’দ কান্ধলবির অনুসরণ  বর্জন।ওয়াজাহাতি জোড়ে মাওলানা সা’দের নেতৃত্ব না মানার কারণ ও তার ভ্রান্ত বিশ্বাসের বিষয়ে সাধারণ আলেম ওলামা ও তাবলীগী সাথীদের  স্পষ্ট করার চেষ্টা করা হয়েছে। তবে তাবলীগের বর্তমান সঙ্কট মোকাবেলায় এ ছয় সিদ্ধান্ত আগামী দিনে কতটুকু ভূমিকা রাখবে, কী মনে করছেন বিশ্লেষকরা, এ নিয়ে যোগাযোগ করা হয়েছিল দেশের কয়েকজন বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব ও বিশেষজ্ঞের সঙ্গে।

ফাতেহ২৪ কে তারা জানিয়েছেন, আজ যে সিদ্ধান্ত হয়েছে, এটা কুরআন সুন্নাহর নির্ধারিত পথ ও পদ্ধতির আলোকেই হয়েছে। শরিয়তের দৃষ্টিকোণ থেকে ওলামায়ে কেরামের এ সিদ্ধান্ত তাবলীগ জামাতকে রক্ষা করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। তাবলীগের এ মেহনতকে নষ্ট করে দেওয়ার ক্ষেত্রে যে চক্রটি কাজ করছে, তাদের প্রতিহত ও প্রতিরোধ করার জন্য এ ছাড়া কোনও উপায় ছিলোনা।

‘ওয়াজাহাতি জোড়ে মানুষের যে ঢল ও জোয়ার নেমেছে, তাদের চোখের পানি ও মেহনত বৃথা যেতে পারে না। মানুষের এ ঢল প্রমাণ করে দাওয়াত ও তাবলীগের এ কাজকে আল্লাহ পাক কেয়ামত পর্যন্ত জারি রাখবেন। এছাড়াও দলমত নির্বিশেষ সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তাবলীগের মুরুব্বিদের নির্দেশনায় যে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে, আমরা মনে করি এর মাধ্যমে স্বাধীন দেশে স্বাধীন তাবলীগ স্বাধীনভাবে চলতে পারবে।’

তবে এ যুগান্তকারী ছয়টি সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়ন ও তাবলীগের কাজকে নতুন গতি দেওয়ার জন্য আলেম ওলামা ও  সচেতন সাথীদের বিশেষ ও কৌশলগত ভূমিকা রাখার প্রতিও আহ্বান জানিয়েছেন তারা। সেইসঙ্গে যারা মাওলানা সা’দের অনুসারী ও ভক্ত রয়েছেন তাদের নতুন করে মাওলানা সা’দের বিষয়ে ভাবার বিষয়ে সুযোগ করে দিয়েছে তাবলীগের এ ওয়াজাহাতি জোড়,  এমনটাই তারা দাবী করেছেন।

ফাতেহ২৪ কে তারা জানান, বর্তমান পরিস্থিতিতে তাবলীগ জামাতের সঙ্কট নিয়ে আলেমদের সম্মিলিত স্পষ্ট বক্তব্য সামনে আসার প্রয়োজন ছিল। গত কয়েকদিন আগে আব্দুল মালেক সাহেবের একটা বক্তব্য প্রচারিত হবার পর সাদ পক্ষ থেকে যে সমালোচনার ঝড় তুলা হয়েছিল, সেই পরিস্থিতি থামাতে এই জোড় সাহায্য করবে।

তবে যারা মাওলানা সা’দ সাহেবের বিরোধিতা করেন বা তার এসব গোমরাহির ব্যাপারে আলেমদের সঙ্গে একমত পোষণ করেন তাদের প্রতি এ ছয়টি সিদ্ধান্ত বা ছয় দফা বাস্তবায়নে কিছু পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা।

তারা বলেন, এ ছয়টি সিদ্ধান্তের  শেষের তিনটি  মাঠ পর্যায়ে বাস্তবায়েনের বিষয়। এ বিষয়গুলো বাস্তবায়ন করতে গিয়ে কেউ যেন কোনো ধরণের হানাহানিতে না যান। সহনশীল পরিবেশ ও দাওয়াতি মেজাজ বজায় রেখে তাদের সুকৌশলে এগুতে হবে। সা’দপন্থীরা কোনো মসজিদে উঠলে বা আলেমদের এ সিদ্ধান্ত মানতে না চাইলে যাতে প্রত্যক্ষ ব্যবস্থা না নিয়ে সমঝোতা ও বুঝানোর চেষ্টা মাঝে থাকেন, এটাই কল্যাণকর হবে।

‘জোরপূর্বক বাস্তবায়ন করতে গেলে হানাহানির দরজা খুলে যেতে পারে। ছয় সিদ্ধান্ত বাস্তবায়নে শাসকধর্মী আচরণে না যেয়ে দাওয়াতি আচরণে এগুতে হবে। সা’দ সাহেবের গোমরাহির বিষয়গুলো অব্যাহতভাবে কৌশলের সাথে মানুষকে বুঝাতে হবে। কোনো ধরণের শক্তি প্রয়োগ করা যাবে না।’

আলেমদের এ সিদ্ধান্তকে কীভাবে নিবেন মাওলানা সা’দ ভক্তরা এমন বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হলে তারা জানান, আমরা মনে করি যারা দাওয়াত ও তাবলীগের কাজ করেন তারা আলেম ওলামাদের সম্মান করেন ও ভালোবাসেন। তারা আলেমদের মর্যাদার জায়গাটিকে অক্ষুন্ন রাখেন। তবে যারা এ খেদমতকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে তাদের বরং মনে কষ্ট লাগতেই পারে।

আগের সংবাদ‘ভ্রান্তির হাত থেকে তাবলীগকে বাঁচাতে ভূমিকা রাখবে ওয়াজাহাতি জোড়’
পরবর্তি সংবাদমুসলিমদের নামাজ পথে নয়, ঘরে পড়া উচিত: নব নির্মাণ সেনা প্রধান