
ফাতেহ ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গুরুতর অসুস্থ, তাকে ইসলামাবাদের পাকিস্তান ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সে স্থানান্তরিত করা হতে পারে। হৃদরোগের কারণে তাকে আদিয়ালা কারাগার থেকে সরিয়ে নেয়া হতে পারে বলে কারা কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে ডন নিউজ।
রোববারের শুরুতে রক্ত জমাট বাঁধায় তাকে হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন পিমসের কার্ডিওলোজি বিভাগের প্রধান ড. নাইম মালিক। পরে তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে যোগাযোগ করে কারাকর্তৃপক্ষ।
নওয়াজকে হাসপাতালে পাঠানোর বিষয়ে কোনো আপত্তি নেই বলে জানায় প্রাদেশিক সরকার। এরইমধ্যে, কারাগারে নিরাপত্তা জোরদারসহ গণমাধ্যমকর্মীদের সরে যেতে বলা হয়েছে। হাসপাতালে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
গত সপ্তাহে ডিহাইড্রেশনের কারণে তাকে হাসপাতালে পাঠাতে বলা হলেও কারাগারেই চিকিৎসা নেওয়ার কথা বলেন মুসলিম লীগ পিএমএলএনের সাবেক নেতা।
দুর্নীতির দায়ে ১০ বছরের কারাদণ্ডের পর ১৩ জুলাই দেশে ফিরে গ্রেপ্তার হন নওয়াজ। এরপর থেকে আদিয়ালা কারাগারেই আছেন তিনি।
