
আন্তর্জাতিক ডেস্ক:
পশ্চিমতীরের অবৈধ ইহুদি বসতিতে যোগাযোগ সহজ করতে ফিলিস্তিনের জমি দখল করে জেরুজালেম পর্যন্ত রাস্তা নির্মাণের পরিকল্পনা করছে ইজরাইল।
এতে বহু ফিলিস্তিনি কৃষক তাদের জমি হারানোর আতঙ্কে আছেন। অসংখ্য গাছ কাটা পড়ার ফলে পরিবেশ বিপর্যয়েরও আশঙ্কা করা হচ্ছে। খবর আরব নিউজের।
নির্মাণাধীন রাস্তাটি পশ্চিমতীরের অবৈধ ইহুদি বসতি বেতার ইলিত থেকে জেরুজালেমের এতজিওন ব্লকে অবস্থিত আরেক ইহুদি পর্যন্ত যাবে। আট কিলোমিটার এ রাস্তাটি নির্মাণ করলে ফিলিস্তিনের কৃষকরা তাদের ফসলি জমি হারাবেন।
এলাকাটি ফিলিস্তিনের কৃষি খামার হিসেবে পরিচিত। বর্তমানে প্রকল্পটি ইজরাইলের জনপ্রশাসন বিভাগের অনুমোদনের অপেক্ষায় আছে।
দখলদার দেশটির কট্টর ইহুদিবাদী সরকারের কর্মকর্তারা এটি অনুমোদনের ইঙ্গিত দিয়েছেন।
চার মাস আগে এ সড়ক নির্মাণের প্রস্তাব করা হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ ইজরাইলের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে।
