
তর্জমা : মওলবি আশরাফ
কবি পরিচিতি : মুজতার খয়রাবাদি তখল্লুসেই সর্বজন পরিচিত, মূল নাম ইফতিখার হুসেইন। জন্ম ১৮৬৫ সালে, ভারতের উত্তর প্রদেশে। মুঘল আমল থেকে তাদের পরিবার এলেম ও আমলের ঐতিহ্য বহন করে আসছিল। তার পিতামহ ফজলে হক খয়রাবাদি ছিলেন অখণ্ড ভারতের বিশিষ্ট ফকিহ, সাহিত্যবোদ্ধা ও আন্দামানে নির্বাসিত ব্রিটিশবিরোধী যোদ্ধা। খয়রাবাদির উত্তরপুরুষেরাও উর্দু শিল্প-সাহিত্যের জগতে সর্বোচ্চ গুরুত্ব রাখেন, এরমধ্যে আছেন পুত্র জান-নিসার আখতার, পৌত্র জাভেদ আখতার ও প্রপৌত্র ফারহান আখতার। খয়রাবাদির প্রায় সব কবিতাই সুফি ভাবাপন্ন। তার বইয়ের তালিকায় আছে— নজরে খুদা (কাব্যসংকলন), মিলাদে মুস্তফা (নাতে রসুল), বেহরে তাবিল (কবিতা), মার্গে গলত কি ফরিয়াদ (গজল)। তিনি কারিশমায়ে দিলবার নামে একটি সাহিত্যবিষয়ক ম্যাগাজিনও সম্পাদনা করতেন। ১৯২৭ সালের ২৭ মার্চ তিনি ইন্তেকাল করেন।
১)
আমার গোনাহ বেশি নাকি তোমার রহমত
দয়াময় খোদা তুমিই বলে দাও হিসাব করে!
(২)
তোমার রহমতের তারিফ শুনে শুনে
পড়ে গেছি খোদা গুনাহের অথৈ সাগরে!
(৩)
এ তো সম্ভব নয় প্রেম-ভালোবাসায়
আপনি যা বলবেন তা-ই মেনে নিব!
(৪)
সম্পর্ক মুসিবতের হোক আমার সনে
তবু প্রশান্তি মনে
খোদা, আমার হৃদয়ের সেই ব্যথা তুমি
যার ওষুধও তুমি
(৫)
ব্যথার ওপর ব্যথাই আছে শুধু বাকি
এ কী নিয়ে গেছ আমার বুক চিরে তুমি!
(৬)
সকাল অবধি কে-ইবা বাঁঁচে একাকিত্বের রাতে
বোকা মন, তোর কি এখনো আছে সকাল দেখার খায়েশ!
(৭)
ভালোবাসায় মাথা ঝুঁকানোর কারণ যদি কেউ জিজ্ঞাসে
বলে দিব, মুশকিল আসানের এই-ই আমার সহজ পথ
(৮)
এক আমি যে তোমায় প্রেমাস্পদ বানিয়েছি
আর এক তুমি, যে আমায় রাখেনি কোথাও!
৯)
কোন পানপাত্রের এমন কিসমত থাকে কপালে
শরাব দূর কী বাত, ঘ্রাণও আসে না এদিকে!
১০)
না আমি কারো চোখের মণি, না কারো মনের প্রশান্তি
যা কোনো কাজে আসে না, আমি সেই এক মুষ্ঠি ধূলি
১১)
না আমি কারো আহত হৃদয়ের ওষুধ,
না কারো মধুময় দৃষ্টি
না এদিকের না ওদিকের,
না ধৈর্যশীল না স্থিরমতি
১২)
আমার সময় ফুরিয়ে গেছে,
আমার রঙ-রূপ বিগড়ে গেছে
যে বাগানের শ্যামলতা উজাড় হয়ে গেছে,
আমি তার-ই হারিয়ে যাওয়া বসন্ত
১৩)
কেউ ফাতেহা পড়তে আসবে কেন
কেউ চারটে ফুল হাতে জিয়ারতে আসবে কেন
কেউ এসে মোম জ্বালাবে কেন
আমি তো সেই মাজার যার মুর্দা নাম-ঠিকানাহীন
১৪)
না আমি কারো শত্রু না কারো বন্ধু,
না ভাগ্যবান না প্রকৃতিস্থ
যা নষ্ট হয়ে গেছে তা আমারই,
যা ধ্বংসপ্রাপ্ত তাও আমার কামাই
১৫)
আমি নই কোনো জীবনদায়িনী গীত,
আমায় শুনে আপনি করবেন কী
আমি এক দুরারোগ্য অসুখী,
দুস্থ অসহায় মানুষের বিলাপ
১৬)
না আমি ‘মুজতারের’ বন্ধু, না ‘মুজতারের’ দুশমন
যা ফেটে গেছে তা আমার কপাল
যা উজাড় হয়ে গেছে তা-ও আমারই
১৭)
মনোবেদনার মসিহা* তোমা দ্বারা হতে পারে না
না তুমি সুস্থ করতে পারো, না আমি সুস্থ হতে পারি!
*মসিহা অর্থ ইসা-মসিহ, এখানে অর্থ প্রতিষেধকরণ।
১৮)
দুশমনি ছেড়ে দিয়ে এই জানও যদি চাও, বান্দা হাজির
কিন্তু তুমি এমন করবে না আর এমন হতেও পারে না!
১৯)
এখন মরে যাচ্ছি বেঁচে থাকার দোষ আমায় দিয়ো না
এই দোষ তাকেই দাও যার দ্বারা এমন হতেই পারে না!
২০)
তোমায় চাইব আবার তোমার অন্য প্রার্থীকেও মেনে নিব
আমার মন আমায় ফেরৎ দাও, এমন ঝগড়া হতেই পারে না!
২১)
খুব কঠিন দুটি সময় পার করেছি জীবনে
এক— তুমি আসার আগে,
দুই— তুমি চলে যাবার পর!
২২)
এই মন আমার কাছে আমি কেন রাখব?
তোমার যদি হয় তুমিই নিয়ে যাও!
২৩)
তুমি যদি চাও মাটি থেকে এখনই উগাবে ফুল
আমি চাইলে ভরা নদীও দিবে না এক ফোঁটা জল
২৪)
আমি মসিহা তাকেই বানিয়েছি
যিনি মনোবেদনার ওষুধ দেন না!
২৫)
না পাওয়ার বেদনা কোথায় রাখব
মনের ভেতর যে তুমি বসে আছো!
২৬)
তোমার বিরহ সারাজীবনের মৃত্যু আমার
এমন জীবন কী ছাই, যার আনন্দ নও তুমি!
২৭)
আমার এক হৃদয়কে ঘিরে রেখেছে তার দুই জুলফি
এক বলে ‘ও আমার’, আরেক বলে ‘না, ও আমার’!
২৮)
আমার প্রিয় তুমি বন্ধু তুমি দিলরুবা তুমি
এই সবই তুমি তবু বলতে পারি না তুমি কী!
২৯)
তোমার নামে সব লোকে আমায় চিনে
আমি হারিয়ে যাওয়া এক জিনিস যার সন্ধান তুমি।
৩০)
কত বরষ পেরিয়ে গেছে আমাদের প্রেমের অথচ
না তুমি বুঝেছো আমি কী, না আমি বুঝেছি তুমি কী
৩১)
জীবন পার হয়ে গেল আমার তালাশে তালাশে
অথচ আজও জানি না কীসের তালাশি আমি!
৩২)
ওই চোখের গহীনেই আমি বাঁচতে চাই
যেই চোখের লাজ আমায় মেরে ফেলেছে!
৩৩)
তোমার জল্লাদ চোখের জালেমানা
সৌন্দর্য আমায় কতল করে ফেলেছে!
৩৪)
হয় না কেবল ‘হাঁ’ দিয়ে কথা সম্পূর্ণ
এখন আমার তার ‘না’-এর আশা মনে!
৩৫)
কাউকে ভালো লেগে গেলেও একটি কথা থাকে
এমনিতে তো পর্দার আড়ালে সব পর্দানাশিনকেই ভালো লাগে!
৩৬)
ফুলের সাথে এখন আর সম্পর্ক নেই তবে
কলিজায় এখনো বিঁধে আছে তার কাঁটা!
৩৭)
মাটির তলায় থাকব না শূন্য আসমানে?
ওহে প্রিয়’র তালাশ,
তুমিই বলে দাও কোথায় আমি থাকব আমি
৩৮)
ফেরেশতা আসে যদি কবরে,
সাফ বলে দিব ‘অন্য রাস্তা দেখো’!
যখন আমি তার ইচ্ছাতেই জান দিয়েছি,
তো তারপর আর বলার কী আছে!
৩৯)
মুজতার, এই পৃথিবীতে মিলবে না কোনো ফয়সালা
পরলোকে নিয়ে চলো তোমার সব আশা-আকাঙ্ক্ষা
৪০)
না জানি কোন ইউসুফের উৎসাহ গায়ে চড়িয়েছি আমি
জোলেইখা আজও কেবল মুজতার মুজতার বলে ডাকে!
৪১)
এক আমি, যেখানেই যাই শুনি নিন্দা
আরেক তিনি, সবখানেই শুনেন ‘কী ভালা’
