
মুজিব হাসান:
ভরা বর্ষার দিনে একটা বিয়োগান্ত ঘটনার জন্ম দিয়ে বাবুল মিয়া চলে গেল না ফেরার দেশে। তার লাশবাহী ডিঙিটি যখন গ্রামের সরকার বাড়ির ঘাটে এসে ভিড়ল, সূর্য তখন পারদ গলানো রুপালি হাওরের বুকে রক্তিম লাভার গালিচা মাড়িয়ে অস্থাচলে মুখ লুকাচ্ছে। ধীতপুর গ্রামবাসী ভয়ে বিস্ময়ে জড়ীভূত হয়ে ঘাটের কাছে দাঁড়িয়ে রইল। ভয়ের কারণ—হাওর এলাকায় প্রতি বর্ষায়ই জলডোবার ঘটনা ঘটে। এলাকার শিশুরা, যারা এখনও সাঁতার শেখেনি, খেলাচ্ছলে সাঁতার কাটতে গিয়ে বা পরিবারের লোকদের অগোচরে পানিতে পড়ে তলিয়ে যায়। আর শহুরে পর্যটকদের কেউ কেউ, যারা জলজীবন উপভোগ করতে এসে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে, তারাও এরকম জলডোবার শিকার হয়ে থাকে। কিন্তু বাবুল মিয়ার মতো একজন পূর্ণবয়স্ক সাঁতারু মানুষ, জলের কাছে ইজারা দেওয়া জীবন যার, তার ভাগ্যেও এমন মৃত্যু লেখা থাকতে পারে—এই ব্যাপারটা ধীতপুর গ্রামবাসীকে অজানা আশঙ্কায় স্তম্ভিত করে দিয়েছে। আর বিস্ময়ের কারণ—যে ডিঙিয় করে বাবুল মিয়ার লাশ আনা হয়েছে, এটি আজ ছয় বর্ষা ধরে তার নিত্য জলসঙ্গী। পুরো বর্ষায় এই ডিঙি দিয়ে সে হাওরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করত। আজ সকাল বাদ ফজর মাছ ধরার চাঁই পাতার জন্য ডিঙি নিয়ে জঙলার হাওরে গিয়েছিল। তারপর জলজ্যান্ত মানুষ থেকে ফিরে এলো জলডোবা লাশ হয়ে। জলসঙ্গী ডিঙিটি জীবনে-মরণে তাকে বয়ে বেড়াল।
সরকার বাড়ির ঘাটে ডিঙিটি ভিড়তেই অপেক্ষমাণ উৎকণ্ঠিত লোকজনের ভিড় লেগে গেল। সবাই হুড়াহুড়ি শুরু করে দিল ডিঙির কাছাকাছি আসার জন্য। বাবুল মিয়ার মৃত্যুকে ঘিরে ভয় ও বিস্ময়ের পাশাপাশি জনমনে তৈরি হয়েছে বিপুল কৌতূহল। তাই এক নজর লাশ দেখে কৌতূহল মেটানোর জন্য সবাই পড়িমরি করে ছুটে আসতে লাগল। আজকের সারাদিন গ্রামবাসীর মুখে মুখে শুধু বাবুল মিয়ার মৃত্যুর খবরই আলোচিত হয়েছে। অনেকের কাছে এই মৃত্যু অস্বাভাবিক লাগছে। লোকজন নিজেদের মতো করে বানিয়ে নিয়েছে ঘটনার বিবরণ। প্রায় লোকদের ধারণা হলো, বাবুল মিয়াকে আজর—ভয়ংকর জলদানব—মেরেছে। কিন্তু এই ঘটনার নিরেট সত্য যদি আমরা জানতে চাই, তাহলে বাবুল মিয়ার জিগরি দোস্ত মজনু মিয়ার বয়ান শুনতে হবে। গল্পভাষ্যের ধরনে তার বয়ান এরকম :
বাদ ফজর বাবুল মিয়া ডিঙি নিয়ে জঙলার হাওরের দিকে হাল ধরল। ডিঙির পাটাতনভর্তি মাছ ধরার চাঁই। সকাল সকাল এগুলো পেতে রেখে আসবে, তারপর বিকালে তুলতে যাবে। মজনু মিয়া তখন বাড়ির ঘায়েলে বসে কাঠকয়লা দিয়ে দাঁত মাজছিল। লগি থেকে ডিঙির বাঁধন ছাড়িয়ে বাবুল মিয়া তাকে উদ্দেশ্য করে হাঁক দিল, ‘কিরে দোস, বেইল ত উইট্টে যাইতাছে। চাই হাতাত কোম্বালা যাইবে তে?’
মজনু মিয়া মুখভর্তি কয়লার থুতু ফেলে জানাল, ‘তুই একটু আগ্গো দোস, আমি দুইডে নলা ভাত খায়া আই।’
বাবুল মিয়া ‘আইচ্ছে, চালা আইছ’ বলে বৈঠা চালাল জঙলার হাওরের দিকে। এর কিছুক্ষণ পরেই মজনু মিয়া ঘাটে বাঁধা ডিঙি নিয়ে বাবুল মিয়ার পেছনে ছুটল। দূর থেকে আবছাভাবে দেখা গেল, বাবুল মিয়া বিলের মাথায় গিয়ে লগি পুঁতে ডিঙি থামাল। একটি চাঁই হাতে নিয়ে পাতার জন্য ডুব দিল পানিতে। এভাবে কেটে গেল অনেকটা সময়। ততক্ষণে মজনু মিয়া ডিঙি বেয়ে তার নিকটে চলে এসেছে। কিন্তু বাবুল মিয়ার দেখা নেই। ডিঙির পাতাটনে যে বারোটি চাঁই নিয়ে এসেছিল, এর এগারোটিই রয়ে গেছে। দেখে মজুন মিয়ার কেমন খটকা লাগল। সে ওই লগিতে তার ডিঙিটি বেঁধে বাবুল মিয়ার নাম ধরে বারকয়েক ডাকাডাকি করল। তার কোনো সাড়াশব্দ নেই। এবার সন্দেহের দানা বেঁধে উঠল মজনু মিয়ার মনে। পরনের লুঙ্গি মালকুচা করে তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ল পানিতে। বাবুল মিয়া যে আধানিমগ্ন কঞ্চি বাঁশের সঙ্গে চাঁই পাতার জন্য ডুব দিয়েছিল, সেখানে ডুব দিয়ে খুঁজল। কিন্তু তার কোনো পাত্তা নেই। এভাবে ঘণ্টাখানেক ডুবাডুবি করে মজনু মিয়া চোখ লাল করে ফেলল। একপর্যায়ে নিদারুণ উৎকণ্ঠিত হয়ে তাড়াতাড়ি ডিঙি চালিয়ে ফিরে গেল গ্রামে। কাছেপিঠের কয়েকজনকে জানাল খবরটা। তারপর তার সমবয়সী বন্ধু আরজু মিয়া আর শাহিন আলমকে সঙ্গে নিয়ে আবারও ফিরে এলা বিলের ধারে। এবার শুরু হলো হন্যে হয়ে খোঁজাখুঁজি। এভাবে দুপুর পেরিয়ে বিকেলও গড়িয়ে গেল অনেকটা। ততক্ষণে গ্রাম জুড়ে চাওড় হয়ে গেছে বাবুল মিয়ার জলডোবার খবর। মজনু মিয়ার মতো আরও কয়েকজন ডিঙি নিয়ে খোঁজাখুঁজি শুরু করল। হঠাৎ বিলের শেষ মাথায় জলনিমগ্ন ঢোলকলমির ঝোপের কাছে বুক চিতিয়ে ভাসতে দেখা গেল বাবুল মিয়াকে। দেখে তার চাঁইবোঝাই ডিঙিটি নিয়ে এগিয়ে গেল মজনু মিয়ারা।
ডিঙির পাতাটনে নিথর পড়ে আছে বাবুল মিয়ার দেহটা। পাক্কা বারো ঘণ্টা পানির নিচে ডুবে ছিল। পানির চুষণে হাতপায়ের তালুর চামড়া ক্ষয়ে গেছে। আঙুলগুলো ফোলা ফোলা। ডান হাত মুষ্ঠিবদ্ধ। সম্ভবত চাঁইয়ের খুঁটি ধরে ডুব দিয়েছিল। বাম হাতের থাবা খোলা। মালকুচা দিয়ে যেভাবে লুঙ্গি পরেছিল, সেটা সেভাবেই আছে। লোকজন ডিঙির কাছে ভিড় করে এগুলো খুঁটে খুঁটে দেখছে আর ভারাক্রান্ত হচ্ছে। বাবুল মিয়ার লাশের পাশেই মাথায় হাত দিয়ে বসে আছে মজনু মিয়া। লোকজনের ভিড় দেখে সে কান্নাজড়ানো কণ্ঠে আক্ষেপ করে উঠল, ‘আল্লারে, এইডে তোমার ক্যামন বিচার?’ তার আক্ষেপে সমবেত লোকদের মাঝেও গুঞ্জন উঠল। এসময় ভিড় ঠেলে এগিয়ে আসতে দেখা গেল মাহফুজ সরকারকে। বাবুল মিয়ার প্রতিবেশী তিনি। বাবুল মিয়া একরকম তাদের আশ্রিত ছিল বলতে গেলে। সরকার বাড়িতে গোমস্তার কাজ করত। তার বউ জাহানারা আর দুই ছেলেমেয়ে সারাবছরই ঢাকায় থাকে। ঈদেচান্দে বাড়িতে আসে। এই বিষয়টা গ্রামের সবাই জানত—নিজের জমিজমা বিক্রি করে সরকার বাড়িতে কামলা খাটার ব্যাপারটার জন্য বাবুল মিয়ার বউ তাকে একরকম পরিত্যাগ করেছিল। স্বামীর কোনো খোঁজখবরই রাখত না জাহানারা। বছর দুয়েক পরে পরে ঈদ এলে ছেলেমেয়ে দুটোকে দুয়েকদিনের জন্য পাঠাত। কিন্তু নিজে আসত না। গার্মেন্টসে চাকরির সুবাদে সেখানেই থাকত। কিন্তু এখন তো তার স্বামী চিরদিনের জন্যই চলে গেছে। তাহলে আজও কি আসবে না জাহানারা?
এই ব্যাপারটা নিয়ে কথা বলতে এগিয়ে এলেন মাহফুজ সরকার। গ্রামের মধ্যে বেশ মান্যগণ্য লোক তিনি। সালিশ-দরবারে তার আলাদা কদর আছে। যথেষ্ট সম্পদশালী। জঙলার হাওরের অর্ধেকটা তাদের দখলে। মাহফুজ সরকার এগিয়ে এসে মজনু মিয়াকে ভারাক্রান্ত হয়ে বসে থাকতে দেখে ধাতানি দিলেন, ‘অই মজনু, বেইট্টেনের মতন এ্যামনে বিলাপ শুরু করছস ক্যারে? লাশটারে নাওয়ের থেইক্কা টানঅ উডা। এই, কেউ গিয়া মসজিদ থেইক্কা খাডুলাডা লইয়া।’ মজনু মিয়া উঠে দাঁড়াল। দুয়েকজন লোকের সহায়তার খাটিয়ায় করে লাশটাকে নিয়ে রাখল সরকার বাড়ির উঠানে। এবার লোকজন দলে দলে এসে দেখে যেতে লাগল জলডোবা বাবুল মিয়াকে। মাহফুজ সরকার বাংলাঘরের বারান্দায় বসে ছিলেন। তার পাশে দাঁড়িয়ে ছিল মজনু মিয়া এবং আরও কয়েকজন লোক। সুযোগ দেখে মাহফুজ সরকার মজনু মিয়াকে বললেন কথাটি, ‘মজনু, বাবুলের বউ-পোলাপান জানানি লাগব না ব্যপারডা? হেরার ত আওন লাগব।’ মজনু মাথা নাড়ল, ‘হ সরহার সাব, জানানি ত দরহারই। আমি ফোন দেই। দেহি, দোস্তানি পোলাপান লইয়া আ নাকিতা!’ মাহফুজ সরকার সায় দিলেন, তাইলে এইডেই কর। জানা হেরারে। দেখ, হের বউ আ নাকিতা। বাইচ্চে তাকতে ত আইলই না, এহন আয়া শেষ দ্যাহাডা দেইখখে যাওক।’ মজনু মিয়া মাথা নেড়ে উঠে চলে গেলেন।
ইশার আজান হয়েছে। মসজিদের মাইকে ঘোষণা হয়েছে, বাদ ইশা জামে মসজিদের মাঠে বাবুল মিয়ার জানাজা। মাহফুজ সরকার এখনও বসে আছেন বাংলাঘরের বারান্দায়। উঠান জুড়ে লেগে আছে লোকজনের ভিড়। খাটিয়ায় রাখা বাবুল মিয়ার লাশ দেখছে দলে দলে। তার পাশে বসে আছেন মসজিদের ইমাম সাহেব। নামাজের সময় হয়ে এসেছে। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ‘সরকার সাব, লাশ নিয়া এইবার মসজিদে যাই। নামাজের আর পাঁচ মিনিট আছে।’ মাহফুজ সরকার সায় জানালেন। খাটিয়া মসজিদে নেওয়ার কথা বলে ইমাম সাহেবের সাথে চললেন। বাদ নামাজ সবাই জানাজার জন্য দাঁড়ালেন মসজিদের মাঠে। মাহফুজ সাহেব বাবুল মিয়ার পরিচিতি দিয়ে তার দেনাপাওনার ব্যাপারে কথা বললেন। ইমাম সাহেব বয়ান দিলেন, ‘হাদিসের মধ্যে এসেছে, পানিতে ডুবে মারা গেছে, আগুনে পুড়ে মারা গেছে, এমন ব্যক্তিরা শহিদের সওয়াব পায়। বাবুল মিয়া আমাদের পরিচিত মানুষ। আজকে তার যেভাবে মৃত্যু হয়েছে, আমরা আশাবাদী তিনি শহিদের সওয়াব পাবেন। আল্লাহ তায়ালা তাকে মাগফেরাত দান করুন। জানাজা শুরু হইতাছে। সবাই নিয়ত বাঁধি।’ জানাজা শুরু হলো। দোয়া পড়তে পড়তে সবাই শুনল, সরকার বাড়ির ঘাটে একটি ট্রলার এসে থামল।
