
আতা হাসিন: নানা অভিযোগ ও বিএনপিসহ কয়েকটি দলের মেয়রপ্রার্থীর নির্বাচন বর্জনের মধ্য দিয়ে গতকাল সোমবার হয়ে গেল তিন সিটি করপোরেশনের ভোট।
রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি নির্বাচনে কেন্দ্র দখল, জালভোটসহ কারচুপি ও অনিয়মের ঘটনাও ছিল চোখে পড়ার মতো।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলে রাজশাহী ও বরিশালে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাদিক আব্দুল্লাহ। আর সিলেটে জয়ের পথে বিএনপির প্রার্থী আরিফুর রহমান।
তিন সিটি নির্বাচনে ৩৯৫টি কেন্দ্রের মধ্যে ১৮টির ভোট বা ফল অনিয়ম ও গোলযোগের কারণে স্থগিত করা হয়েছে। যদিও এটিকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ উল্লেখ করে ভোট নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। তিনি বলেন, ‘কিছু অনিয়ম ছাড়া তিন সিটিতেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।
গণমাধ্যমের মাধ্যমে কিছু অভিযোগ শুনেছি। আমরা কেবল নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও প্রিসাইডিং অফিসারের কাছ থেকে পাওয়া তথ্যকে ধরতে পারি। সে হিসেবে ১৫টি কেন্দ্রে অনিয়মের তথ্য এসেছে। এসব কেন্দ্রে পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে।’
রাজশাহীতে ১৩৮টি কেন্দ্রের সবকটির বেসরকারি ফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন এক লাখ ৬৬ হাজার ৩৯৪ ভোট পেয়েছেন। বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৭৮ হাজার ৪৯২ ভোট।
বরিশালের ১২৩ ভোট কেন্দ্রের ৯৯টির বেসরকারি ফলে আওয়ামী লীগ আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ পেয়েছেন ৯৫ হাজার ৪৪০ ভোট।
বিএনপির মজিবর রহমান সারোয়ার পেয়েছেন ১২ হাজার ৭৬৭ ভোট। ৯৯ শতাংশ ভোট পড়ায় বরিশালের ১৬টি কেন্দ্রের ফল স্থগিত ও বাতিল করা হয়েছে। তবে এসব কেন্দ্রে যত ভোট রয়েছে তার চেয়েও বড় ব্যবধানে এগিয়ে রয়েছে সাদিক আবদুল্লাহ। তাই বরিশালেও দলটির জয় নিশ্চিত।
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মোট ভোটকেন্দ্র ১৩৪। এর মধ্যে ১৩২টি কেন্দ্র থেকে পাওয়া বেসরকারি ফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।
তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৮৯৬ হাজার ভোট। অপরদিকে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। এর ফলে কামরানের চেয়ে ৫ হাজার ২৬ ভোট বেশি পেয়ে সিলেটের মেয়র হলেন আরিফুল হক চৌধুরী।

এদিকে তিন জেলায় ইসলামী আন্দোলনের অবস্থান ছিলো তৃতীয় বা চতুর্থ স্থানে।

