
ফাতেহ ডেস্ক:
পঞ্চম ধাপের তিন হাজার ৭০৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বিভিন্ন ইসলামী দলের প্রায় অর্ধশত নেতা। দলীয় প্রতীকে ইসলামী আন্দোলনের আটজন, জমিয়তে উলামায়ে ইসলামের তিনজন, ইসলামী ঐক্যজোটের দু’জন, খেলাফত মজলিসের একজন এবং জামায়াতে ইসলামীর ৩৯ জন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নিবন্ধন হারানো জামায়াতে ইসলামীর নেতারা দলীয় প্রতীকে প্রার্থী হতে পারেননি। তারা এবারের ইউনিয়ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে অংশ নিচ্ছেন। গণমাধ্যমের তথ্যানুযায়ী, জামায়াত নেতারা যত সংখ্যক চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন, তার বেশিরভাগ রংপুর ও খুলনা বিভাগে।
চরমোনাইয়ের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের প্রার্থীরা হাতপাখা প্রতীকে বরিশালে তিনটিসহ সারাদেশে আটটি ইউনিয়নে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। সিলেটের জকিগঞ্জে দুটি ইউনিয়নে জয়ী হয়েছেন জমিয়তের প্রার্থীরা। সিলেটে খেলাফত মজলিসের একজন এবং ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী ঐক্যজোটের দু’জন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
জমিয়তের সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফি বলেছেন, ভোটই তো ঠিকঠাক হচ্ছে না। হলে জমিয়ত আরও ভালো ফলাফল করতে পারত। ইসলামী আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, নির্বাচন মোটামুটি সুষ্ঠু হলেও আরও অনেক ইউনিয়নে ইসলামী আন্দোলনের প্রার্থীরা জয়ী হতেন।
বিষয় : জামায়াত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধর্মভিত্তিক দল রাজনীতি
শেয়ার করুন
