
আন্তর্জাতিক ডেস্ক:
মাসের শেষে সংযুক্ত আরব আমিরাতে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ একটি ঐতিহাসিক সফরে যাচ্ছেন। দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর এটি হচ্ছে উচ্চ-পর্যায়ের সর্বসাম্প্রতিক কূটনৈতিক সফর।
ইসরাইলের প্রেসিডেন্টের দফতর থেকে মঙ্গলবার এ তথ্য জানানো হযেছে।
হারজোগের কার্যালয় জানিয়েছে, প্রেসিডেন্ট ও তার স্ত্রী, ৩০ থেকে ৩১ জানুয়ারির এই সফরের সময় সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সাথে দেখা করবেন। দুবাইয়ের শাসক এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথেও দেখা করার এবং দুবাই এক্সপো পরিদর্শন করার কথা রয়েছে।
বিত্তশালী দেশ সংযুক্ত আরব আমিরাত কয়েক দশকের আরব ঐকমত্য ভেঙে ফেলা এবং ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক তৈরি করার প্রায় ১৬ মাস পরে এই সফরটি হচ্ছে। এই পদক্ষেপটি আব্রাহাম অ্যাকর্ডস নামে পরিচিত যুক্তরাষ্ট্রের মধ্যস্থ্যতায় চুক্তির একটি পরম্পরার অংশ ছিল।
প্রধানমন্ত্রী নাফতালি বেনেট গত মাসে প্রথম ইসরাইলি সরকার প্রধান হিসেবে সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন।
সূত্র : ভয়েস অফ আমেরিকা
