
ওমর ফারুক
ফিলিস্তিনি জনগণের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বলেছেন, ‘যা আপনাদের কাছে গ্রহণযোগ্য তা আমাদের কাছেও গ্রহণযোগ্য। আর যা আপনারা প্রত্যাখ্যান করেন তা আমরাও প্রত্যাখ্যান করি।’
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সর্বশেষ আলাপকালে সৌদি বাদশাহ এসব কথা জোর দিয়ে বলেছেন। সৌদি আরবে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত বাসেম আল আগা আন্তর্জাতিক গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
ফিলিস্তিনি রাষ্ট্রদূত বাসেম আল আগা বলেছেন, সৌদি আরব জেরুজালেম ও ফিলিস্তিনি শরণার্থীদের প্রত্যাবর্তনে ফিলিস্তিনিদের অবস্থান উপেক্ষাকারী মার্কিন শান্তি ও নিরাপত্তা প্রকল্পকে কোনোভাবেই সমর্থন করে না। সৌদি বাদশাহ প্রেসিডেন্ট আব্বাসকে বলেছেন, জেরুজালেম ইস্যু আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে। এছাড়া ফিলিস্তিনি শরণার্থীদের প্রত্যাবর্তনের বিষয়টিও বিতর্কিত। এ বিতর্কিত বিষয়টিও আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।
বাসেম আল আগা আরও বলেন, সৌদি বাদশাহ সাম্প্রতিক সময়ে আরব নেতাদের সম্মেলনকে ‘জেরুজালেম সম্মেলন’ আখ্যা দিয়ে ফিলিস্তিনিদের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছেন। এ সম্মেলনে সৌদি বাদশাহ ফিলিস্তিনিদের জন্য অতিরিক্ত ২০০ মিলিয়ন ডলার সহায়তারও ঘোষণা দিয়েছেন। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস সিসিও আলোচনার মাধ্যমে এ ইস্যু সমাধান চান।
প্রসঙ্গত সাম্প্রতিক সময়ে ফিলিস্তিন বিষয়ে সৌদি আরবের অবস্থানে বড় ধরণের বিতর্কের সৃষ্টি হয়েছে মুসলিম বিশ্বে। ফিলিস্তিনে ইজরাইলেরও অধিকার আছে, এমন বেফাঁস মন্তব্যও সৌদির কেউ কেউ করেছেন। সৌদি বাদশার উল্লেখিত মন্তব্যে ফিলিস্তিন প্রশ্নে সৌদির অবস্থান পরিবর্তনের কি কোনো ইঙ্গিত মিলছে, এটা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
সূত্র: উর্দু নিউজ
