
ফাতেহ ডেস্ক:
এদেশের হিন্দু সম্প্রদায় কেন নিজেদের সংখালঘু ভাবে সে প্রশ্ন রেখে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘আমার মনে হয় এটা তাদের (হিন্দু ধর্মাবলম্বীদের) ইনফিরিওর কমপ্লেক্সিটি (হীনমন্যতা)। ’
মিলাদুন্নবী উপলক্ষে সোমবার এক আলোচনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ‘হযরত মুহাম্মদ (সা.) এবং একটি মানবিক বিশ্ব’ শীর্ষক আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সে অনুস্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচার বিভাগের প্রধান।
প্রধান বিচারপতি বলেন, ‘সংবিধানে বলা আছে, এ দেশের মানুষ হিন্দু মুসলিম সবাই মিলে বাঙালি। দেশ স্বাধীন করেছে, প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার থাকবে। কেন হিন্দুরা ভাববে, আমরা মাইনোরিটি কমিউনিটি। আমার মনে হয়, এটা তাদের ভেতর ইনফিরিওর কম্পেক্সিটি (হীনমন্যতা)। সবাই এ দেশের নাগরিক। ’
আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি এম ইনায়েতুর রহিমসহ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীরা বক্তব্য রাখেন। বিশেষ বক্তা হিসেবে আলোচনায় অংশ নেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মুহিব্বুল্লাহিল বাকী নদভী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইনজীবী সমিতির সম্পাদক আবদুন নূর দুলাল। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতি, আইনজীবীরা অনুষ্ঠানে অংশ নেন।
