শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বসছেন শিক্ষামন্ত্রী

ফাতেহ ডেস্ক: ঢাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

২৯ জুলাই রাজধানীতে বাসাচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের গড়ে ওঠা আন্দোলন ও উদ্ভূত পরিস্থিতিতে নিয়ে আলোচনার জন্য এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘দেশে নিরাপদ সড়ক নিশ্চিত করতে শিক্ষার্থীদের এ আন্দোলনের যৌক্তিকতা রয়েছে। দেশের সকল মানুষ এই আন্দোলনকে সাধুবাদ জানিয়েছেন। শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নিয়ে সরকার তা বাস্তবায়ন করতে কাজ শুরু করেছে। তাই ক্লাস ছেড়ে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করার প্রয়োজন নেই।’

গতকালই শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করে ক্লাসে ফেরার ঘোষণা দেয়া উচিৎ ছিল মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের এ আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি সজাগ হয়েছে। এখন যদি তারা আবারও এ আন্দোলন চালিয়ে যায় তবে দেশের মানুষের ভোগান্তি বেড়ে যাবে। তারা ক্ষিপ্ত হয়ে উঠবে।’

আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘তোমরা আন্দোলন ছেড়ে ক্লাসে ফিরে যাও। পড়ালেখা করে আরো বড় মানুষ হয়ে সোনার বাংলাদেশ গড়তে নিজেদের সুশিক্ষিত করে তুলতে হবে। এ কারণে আমরা রাজধানীর সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছি।’

উল্লেখ্য, ২৯ জুলাই (রোববার) রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হন। একই ঘটনায় আহত হন আরো ১০/১৫ জন শিক্ষার্থী।

নিহত দুই শিক্ষার্থী হলেন- শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব।

এ ঘটনায় নিহত দিয়া খানম মিমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ঢাকার ক্যান্টনমেন্ট থানায় মামলা করেছেন। মামলা নম্বর- ৩৩।

দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর থেকেই নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। রোববার তাদের আন্দোলনের অষ্টম দিনেও কার্যত স্থবির হয়ে রয়েছে রাজধানী ঢাকা। নিরাপত্তাহীনতার অজুহাতে ঢাকা শহরের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা।

এরই মধ্যে শনিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। ছাত্ররূপী বিএনপি-জামায়াত নেতাকর্মীরা এ হামলা চালায় বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। হামলাকারীদের বাধা দিতে গিয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আহত হয়েছেন বলেও জানান ওবায়দুল কাদের।

আগের সংবাদসুইজারল্যান্ডে ২টি বিমান বিধ্বস্ত, নিহত ২৩
পরবর্তি সংবাদবল প্রয়োগ করলে কি চুমু খাবে?: ওবায়দুল কাদের