শিক্ষা ও সংস্কৃতি ধ্বংসের চক্রান্ত রুখে দিতে হবে : মুফতী ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে। স্বাধীনতার ৫৩ বছরে এসেও দেশের শিক্ষা ও সংস্কৃতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে। শিক্ষার্থীদের ইসলামবিমুখ করে নাস্তিক্যবাদী জাতি গঠনে কাজ করা হচ্ছে। এদেশে শিক্ষা ও সংস্কৃতির বিরুদ্ধে আগ্রাসন চলছে। মেধাশূণ্য জাতি গঠনের মাধ্যমে দেশকে পরনির্ভর করে গড়ে তোলার চক্রান্ত হচ্ছে। দেশের শিক্ষা ও সংস্কৃতি ধ্বংসের সকল চক্রান্ত রুখে দিতে হবে। সকল সচেতন ছাত্রসমাজকে অগ্রসৈনিকের ভূমিকা পালন করতে হবে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরীর উদ্যোগে নগরীর টাউন হল চত্তরে অনুষ্ঠিত নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী সংগঠনের বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী মুহাম্মাদ রেদোয়ানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বরিশাল মহানগর সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাছির আহমেদ কাওছার, বিশেষ বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রনেতা গাজী মুহাম্মাদ আলী হায়দার, সেক্রেটারী অধ্যাপক মাওলানা জাকারিয়া হামিদী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আরিফুর রহমান, প্রিন্সিপাল মুহাম্মাদ ওমর ফারুক, মুফতী মুহিব্বুল্লাহ কাজেমী, অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গোমস্তা, মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম। এছাড়াও নগর,থানা ও শিক্ষাপ্রতিষ্ঠান নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মুফতী ফয়জুল করীম বলেন, ছোট ছোট বাচ্চাদেরকে ডিভাইসমুখি করে গড়ে তোলার মাধ্যমে তাদের মেধা ও মননকে ধ্বংস করে দেয়া হচ্ছে। এমতাবস্থায় দেশকে আলোর পথ দেখাতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে মাঠে ময়দানে কাজ করে যেতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে নূরুল বশর আজিজী বলেন, ছাত্রলীগ ক্যাম্পাস সমূহে ত্রাসের রাজনীতি করছে। যাদের কাছে ক্যাম্পাসের শিক্ষার্থীরা অনিরাপদ। ধর্ষণ, লুটতরাজ যা নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে। জাবিতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মানিক ধর্ষণের সেঞ্চুরি ও ত্রাসের রাজত্ব তৈরি করেছিল, এমসি কলেজে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের যে বর্বরতা করেছে এমন সিরিজ অপকর্মের ফিরিস্তির আরেকটি ভয়াবহ বর্বর ঘটনা ছাত্রলীগের হাতে গত কয়েক দিন আগে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে ঘটেছে।

সম্মেলন শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর এর নতুন কমিটিতে সভাপতি-তানভীর আহমেদ শোভন, সহ-সভাপতি-গাজী মুহাম্মাদ রেদোয়ান,সাধারণ সম্পাদক -মুহাম্মাদ সিরাজুল ইসলাম এর নাম ঘোষণা করা হয়।

আগের সংবাদইমাম-মোয়জ্জিনের সন্মানজনক ভাতার দাবি সংসদে
পরবর্তি সংবাদ‘পাঠ্যবই থেকে বিতর্কিত ও ইসলাম বিরোধী পাঠ বাতিল না করলে আমরা রাজপথে নামতে বাধ্য হব’