সড়ক পরিবহন আইনের খসড়ায় সমর্থন পরিববহন মালিকদের

ফাতেহ ডেস্ক: সড়ক পরিবহন আইনের খসড়ায় সমর্থন জানিয়ে ফিটনেসসহ প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া যানবাহন রাস্তায় নামবে না বলে ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পরিবহন মালিকেরা। রাজধানীতে কোম্পানির অধীনের বাস চুক্তিভিত্তিক চলবে না বলেও সিদ্ধান্ত নিয়েছেন তারা। এখন থেকে চালক ও শ্রমিকেরা মজুরি ভিত্তিতে বাস চালাবেন। সিদ্ধান্ত কাল থেকেই কার্যকর হচ্ছে।

জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার জেরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে রাজধানীসহ সারাদেশে। আন্দোলনের সময় শিক্ষার্থীরা রাস্তায় যানবাহনের কাগজপত্র ও চালকের লাইসেন্স পরীক্ষা শুরু করলে স্পষ্ট হয় দৈন্যদশা। বৈধ কাগজ না থাকায় রাস্তায় নামেনি নগর ও দূরপাল্লার বেশিরভাগ পরিবহন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত সড়ক পরিবহন আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদনসহ বেশকিছু পদক্ষেপ নেয় সরকার। শিক্ষার্থীরা রাস্তা ছাড়ে, শুরু হয় ট্রাফিক পুলিশ সপ্তাহ। এ অবস্থায় সড়কে শৃঙ্খলা ফেরাতে করণীয় ঠিক করতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মালিক সমিতি।

সভায় সিদ্ধান্ত হয়, কোন অবস্থাতেই রাস্তায় পরিবহন চলাচলে বিশৃঙ্খলা মেনে নেয়া হবে না। দরকার হলে বৈঠকের সিদ্ধান্ত কার্যকর করতে টার্মিনালগুলোতে মালিক, শ্রমিক ও পুলিশের সমন্বয়ে কমিটি কাজ করবে।

দূরপাল্লার বাস ছাড়ার আগে টার্মিনালে কাগজপত্র পরীক্ষা সিদ্ধান্তের কথা তুলে ধরে এনায়েত উল্ল্যাহ বলেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব কোম্পানির বাস মেরামত করে ফিটনেস সনদ না নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আগের সংবাদসরকারি মেডিকেলের এমবিবিএস ভর্তিতে ৫০০ আসন বাড়ানোর সিদ্ধান্ত
পরবর্তি সংবাদআগামী ৮-৯ বছরেই শেষ হয়ে যাবে গ্যাস: জ্বালানি প্রতিমন্ত্রী