
ফাতেহ২৪ ডেস্ক
ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।
মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হলেন—সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং শাহাদাত হোসেন শামীম।
সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষে আদালত এ সিদ্ধান্ত দেন।
২০১৯ সালে ১৬ জনের মৃত্যুদণ্ড
আলোচিত এ হত্যা মামলায় ২০১৯ সালের ২৪ অক্টোবর রায় দিয়েছিলেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
সে রায়ে তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
বিচারিক আদালতের রায়ের পর ডেথ রেফারেন্সের জন্য মামলার নথিপত্র ২০১৯ সালের ২৯ অক্টোবর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পৌঁছায়।
পরে এটি ১৪০/১৯ ডেথ রেফারেন্স হিসেবে নম্বরভুক্ত হয়।
চাঞ্চল্যকর মামলা হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে এর পেপারবুক তৈরি করা হয়। আসামিরাও পৃথকভাবে আপিল ও জেল আপিল করেন।
যেভাবে নুসরাত হত্যাকাণ্ড
মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় মামলা হলে সিরাজ উদদৌলাকে গ্রেপ্তার করা হয়।
পরে মামলা তুলে নেওয়ার জন্য নুসরাতের ওপর চাপ সৃষ্টি করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।
মামলা প্রত্যাহার না করায় ২০১৯ সালের ৬ এপ্রিল নুসরাতকে মাদ্রাসার ছাদে ডেকে নেওয়া হয়।
সেখানে তার হাত-পা বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।
গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১০ এপ্রিল নুসরাতের মৃত্যু হয়।
এ ঘটনায় তার বড় ভাই মাহমুদুল হাসান নোমান সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
শুনানি শুরু ২৮ জুলাই
নারী ও শিশু নির্যাতন দমন আইনসংক্রান্ত ডেথ রেফারেন্স, আপিল ও অন্যান্য বিষয় অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য গত ১০ জুন হাইকোর্টের একটি সুনির্দিষ্ট বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি।
১৪ জুন থেকে ওই বেঞ্চের কার্যক্রম শুরু হয়।
নুসরাত হত্যা মামলায় গত ২৮ জুলাই শুনানি শুরু হয়। শুনানি শেষ হয় ২০ আগস্ট।
সেদিন হাইকোর্ট রায়ের জন্য ২৪ আগস্ট তারিখ নির্ধারণ করেন।
সে অনুযায়ী সোমবার বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হয়।
হাইকোর্টের রায়ে সিরাজ উদদৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল থাকল।
