দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধন: সাধারণ সময় শেষ বৃহস্পতিবার

দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার
১৪৪৮ হিজরি/২০২৭ সালের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় ৩ সেপ্টেম্বর শেষ হচ্ছে।

দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার

ফাতেহ২৪ ডেস্ক | শিক্ষা

আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিতব্য ১৪৪৮ হিজরি/২০২৭ সালের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার সাধারণ সময়ের নিবন্ধন আগামী বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শেষ হচ্ছে।

নির্ধারিত সময়ের মধ্যে দেশের সংশ্লিষ্ট মাদরাসা ও পরীক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন সম্পন্ন করার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সংস্থার অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৪ আগস্ট থেকে চলতি বছরের দাওরায়ে হাদিস পরীক্ষার অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সাধারণ সময়ের মধ্যে, অর্থাৎ ৩ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করতে ব্যর্থ হলে পরবর্তীতে বিলম্ব ফি দিয়ে বর্ধিত সময়ে আবেদন করার সুযোগ থাকবে।

বিলম্ব ফি দিয়ে আবেদন ৪ থেকে ১৩ সেপ্টেম্বর

বর্ধিত সময় শুরু হবে ৪ সেপ্টেম্বর থেকে। চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।

তবে ১৩ সেপ্টেম্বরের পর কোনো পরীক্ষার্থীর নিবন্ধনের আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ দেশের সব দাওরায়ে হাদিস মাদরাসার মুহতামিম, নাজিমে তা‘লীমাত ও অ্যাডমিনদের প্রতি বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। কোনো যোগ্য পরীক্ষার্থী যেন নিবন্ধন থেকে বাদ না পড়েন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

শেষ মুহূর্তে অনাকাঙ্ক্ষিত জটিলতা এড়াতে দ্রুত শিক্ষার্থীদের নিবন্ধন সম্পন্ন করার জন্যও তাগিদ দেওয়া হয়েছে।

এ ছাড়া আল-হাইআতুল উলয়ার অধীনস্থ কওমি শিক্ষাবোর্ডগুলোর দায়িত্বশীলদের নিজ নিজ বোর্ডের আওতাধীন মাদরাসাগুলোকে বিষয়টি অবহিত করতে বলা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতা ও নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আগের সংবাদতিব্বতের ভয়াবহ বন্যার ফুটেজ চীনে নেই কেন? তথ্য নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন
পরবর্তি সংবাদজনগণের সঙ্গে জনগণের সম্পর্ক চাই: ভারতীয় হাইকমিশনার