
ফাতেহ ডেস্ক: শোক, শ্রদ্ধা ও রাষ্ট্রীয় মর্যাদায় সারাদেশে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। ৪৩তম মৃত্যুবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সর্বস্তরের মানুষ। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে বনানী কবরস্থানে নিহতদের স্মরণ এবং টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
সকাল সাড়ে ৬ টা। ধানমন্ডি ৩২ নম্বর। জাতির পিতার প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী।
এরপর সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার। বিউগলে বেজে ওঠে করুণ সুর। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নিরবতা পালন করেন। ছিল বিশেষ মোনাজাত ও কোরআন তিলাওয়াত।
সকাল সাড়ে ৭ টা। বনানী কবরস্থানে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যেখানে সমাহিত আছেন ১৫ই আগস্টের শহীদেরা।
সকাল ১০ টা। প্রধানমন্ত্রী যান বঙ্গবন্ধুর জন্মভূমি টুঙ্গিপাড়ায়। সেখানেই চির নিদ্রায় শায়িত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী শেখ মুজিব। বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি।
১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী।
