
ফাতেহ ডেস্ক ঃ
আজ শুক্রবার বাদ জুম্মা বাইতুল মোকাররমের উত্তর গেইটে বেফাকুল মাদারিসিল আরাবিয়ার উদ্যোগে এই অভিনন্দন মিছিলের আয়োজন করা হয়। এতে দেশের শীর্ষস্থানীয় আলেম-উলামা ও ধর্মীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
মিছিল পরবর্তী জমায়েতে ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও বেফাকের সহসভাপতি মুফতি ফয়জুল্লাহ এবং ফরিদাবাদ মাদরাসার মুহাদ্দিস ও বেফাকের সহকারী মহাসচিব মুফতি নুরুল আমীন সহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা দাওরায়ে হাদীসের সনদকে মাস্টার্সের মান দিয়ে মন্ত্রীসভায় আইন পাশ করায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া (কওমী মাদরাসা শিক্ষাবোর্ডের) পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক মোবারকবাদ জানান।
উল্লেখ্য গত সোমবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রীসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ অনুমোদনের কথা জানান।
২০১৭ সালের ১১ এপ্রিল রাতে গণভবনে কওমি মাদরাসার আলেম-ওলামাদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের সমমানের স্বীকৃতির ঘোষণা দেন।
কওমি মাদরাসার স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে ও দারুল উলুম দেওবন্দের মূলনীতিগুলোকে ভিত্তি ধরে কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান করে ওই বছরের ১৩ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়।
