
ফাতেহ ডেস্ক: খাগড়াছড়িতে ইউপিডিএফের সন্ত্রাসবিরোধী কর্মসূচিতে সশস্ত্র হামলায় পাহাড়ি ছাত্র পরিষদের নেতাসহ ৬ জন নিহত হয়েছেন।
আহত হয়েছেন বেশ কজন। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক। এ ঘটনায় জেএসএস সংস্কারপন্থি ও ইউপিডিএফ গণতান্ত্রিক গ্রুপকে দায়ী করছে ইউপিডিএফ।
নিহতরা হলেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ির সভাপতি তপন চাকমা, সাংগঠনিক সম্পদক এলটন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের বরুণ চাকমা, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী জিতায়ন চাকমাসহ রুপন চাকমা ও পলাশ চাকমা।
আহতরা হলেন সুমন চাকমা, সমর বিকাশ চাকমা, সখীধন চাকমা। স্থানীয়রা জানান, সকালে শহরের খবংপুড়িয়া এলাকায় ইউপিডিএফের সন্ত্রাসবিরোধী সমাবেশ ছিল। সেখানে সাড়ে ৮টার দিকে ভারী অস্ত্র নিয়ে হামলায় চালায় একদল সশস্ত্র দুর্বৃত্ত।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউপিডিএফের বর্মা ও জেএসএস সংস্কারপন্থি গ্রুপ যৌথভাবে ইউপিডিএফের প্রসিত গ্রুপের ওপর হামলা চালায়। এসময় পুলিশ বক্সেও গুলি করে দুর্বৃত্তরা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
