
জুনায়েদ ইশতিয়াক
চামড়া নিয়ে অনেকের মধ্যেই উৎকণ্ঠা দেখা যাচ্ছে। এটা যৌক্তিক উৎকণ্ঠা। অনেকে বলছেন, মাদরাসাগুলো এখন চামড়ার ওপর নির্ভরতা কমালেই পারে। কমাতে তো পারে। অনেকে তো কমিয়েও ফেলেছে। তবে তাতে কি এই সঙ্কটের মীমাংসা ঘটবে?
ঘটবে না তো। মাদরাসাগুলোর হয়তো কোন সমস্যা হবে না। তবে হাজার কোটি টাকা মূল্যের গরীবের হক রক্ষা করার দায় কি বাংলাদেশের ধর্মীয় জনগোষ্ঠীর নেই? অনেকে শুধু সরকারের অব্যবস্থাপনা ও ব্যবসায়ীদের কারসাজির দোষ ধরছেন। আমার কাছে এটি ঠিক মনে হয় না। আমার কাছে মনে হয়, এই সঙ্কটের পেছনে খোদ ধর্মীয় সমাজের দায়ও কম নয়।
শুনতে খারাপ শুনালেও বাস্তবতা হচ্ছে, ঢাকার কয়েকটা বড় মাদরাসা চামড়ার সিন্ডিকেট গড়ে উঠতে সাহায্য করেছে। কয়েক বছর ধরেই তারা ব্যবসায়ীদের সাথে আগাম একটা চুক্তি করে ফেলছে। এভাবে চামড়ার একটা বড় চালান সিন্ডিকেটের হস্তগত হয়ে যাচ্ছে। এভাবে বাজার শক্তিকে দুর্বল করার ক্ষেত্রে তাদেরও একটা ভূমিকা আছে।
চামড়া নিয়ে কারসাজি হচ্ছে, এটা অনেকেই ধরতে পারছেন। তবে আন্তর্জাতিক বাজারে বর্তমানে চামড়ার মূল্য কত, ব্যবসায়ীরা ঠিক কী দামে বিনিময় করছেন, এর সঠিক পরিসংখ্যান জানতে ধর্মীয় সমাজের পক্ষ থেকে অনুসন্ধানের কোন চেষ্টা চালানো হয়নি। তথ্য ও প্রমাণ ছাড়া কারসাজির পরিমাণ ও প্রকৃতি সম্পর্কে সঠিক তথ্য পাওয়া কঠিন। ফলে এর অর্থনৈতিক ব্যাখ্যাও উঠে আসছে না।
অজ্ঞতা ও মূর্খতা কিন্তু বিপদকেই টেনে আনে। শোষিত হবার একটা বড় কারণ এই অজ্ঞতা।
পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে তারা বিশেষ কোন ভূমিকা রাখতে পারছেন না। স্থায়ী বা অস্থায়ী উদ্যোগের মাধ্যমে চামড়ার বাজারে প্রবেশ করে বাজার ব্যবস্থাপনা ফিরিয়ে আনার প্রস্তাব উঠলেও কেউ উদ্যোগী হচ্ছেন না। চামড়ার বিকল্প ব্যবহার কীভাবে করা যেতে পারে, এই বিষয়েও নেই যথাযথ গবেষণা ও অনুসন্ধান। অথচ যথাযথ গবেষণা ও অনুসন্ধানের মাধ্যমে শুধু সঙ্কট অতিক্রমই নয়, নতুন সম্ভাবনাও তৈরি করা যায়।
সঙ্কটই সম্ভাবনা তৈরি করে। সম্ভাবনা তৈরি না করা গেলে সঙ্কট আরও জটিল আকার ধারণ করে।
তবে বিশেষভাবে লক্ষণীয় হচ্ছে, এখন ধর্মীয় সমাজের রাজনৈতিক কৌশল, নেতৃত্ব ও ক্ষমতার এক ক্রান্তিকাল চলছে। শক্তিশালী নেতৃত্ব, সুবিবেচক কৌশল ও রাজনৈতিক চাপের মাধ্যমে এই সঙ্কট সহজেই সমাধান করা যেত। মুশকিল হচ্ছে, বাংলাদেশের ধর্মীয় সমাজ রাজনৈতিকভাবে ইতিহাসের সবচে কঠিন সময় অতিক্রম করছে। ফলে নানামুখী চাপের মুখে পড়তে হচ্ছে তাদের। চামড়া সঙ্কটও এর অংশ।
