
ফাতেহ ডেস্ক
নিরাপত্তা প্রশ্নে হুমকির মুখে উত্তর আফগানিস্তানে কনস্যুলেট বন্ধ করে দিয়েছে পাকিস্তান। গতকাল রোববার দেশটির উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফস্থ পাকিস্তান কনস্যুলেটে হামলার চেষ্টা চালানো হয়। এরপরই ইসলামাবাদের পক্ষ থেকে কনস্যুলেটটি বন্ধ করা হলো।
এক বিবৃতিতে কাবুলের পাকিস্তান কনস্যুলেট জানায়, এক আফগান নারী হাত-ব্যাগে গ্রেনেড নিয়ে মাজার-ই-শারিফস্থ তাদের কনস্যুলেটে ঢোকার চেষ্টা করেন। তবে নিরাপত্তাকর্মীদের কাছে তিনি ধরা পড়ে যান। ফলে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়কে কনস্যুলেট-কর্মকর্তাদের পূর্ণ নিরাপত্তা দিতে বলেছি। সেই সঙ্গে অতি শিগগিরই ঘটনার তদন্ত করে ইসলামাবাদকে জানাতে বলা হয়েছে।’
বিবৃতিতে আরও জানানো হয়, মাজার-ই-শারিফস্থ কনস্যুলেট নিরাপদ মনে না হওয়া পর্যন্ত সেখানকার ভিসা সেবা ব্যবস্থা বন্ধ থাকবে।
আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিচ্ছু আফগান শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা এ কনস্যুলেটের অধীনেই হয়। দূতাবাস বন্ধের ফলে শিক্ষার্থীরা চরম বিপাকে পড়বে।
তবে এ বিষয়ে আফগান কর্তৃপক্ষের এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
