
ওমর ফারুক:
আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে গারদেজ সিটির একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের সময় দুপুর দেড়টার দিকে ইমাম-ই জামান মসজিদে দুইজন ঢুকে পড়ে হামলা চালায় বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, পুলিশের প্রাথমিক তথ্য থেকে জানা গেছে, লোকজন মসজিদের ভেতরে থাকার সময়ই বোমা বিস্ফোরণ ঘটেছে। এক প্রত্যক্ষদর্শী বলেছেন, শিয়া মুসলিমরা নামাজ পড়ার সময় এক ব্যক্তি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়।
দ্বিতীয় আরেকজন হামলাকারী মুসল্লিদের ওপর গুলি চালায় বলে জানানো হয়েছে খবরে।
এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানা যায়নি। তবে বিস্ফোরণে আহতদেরকে শহরের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। ফলে হতাহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থল ঘিরে রেখেছে। হামলার দায়ও কেউ স্বীকার করেনি। তবে একবছর আগেও একটি শিয়া মসজিদে হামলার দায় স্বীকার করেছিল আইএসআইএস।
