নারায়ণগঞ্জের ফতুল্লায় মবিল কারখানায় আগুন

ফাতেহ ডেস্ক

নারায়ণগঞ্জের ফতুল্লার নন্দলালপুরে একটি মবিল প্যাকেটজাতকরণ কারখানায় আগুন লেগেছে বলে খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ঢাকা ও নারায়ণগঞ্জের আটটি ইউনিট তিন ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় ফায়ার সার্ভিস ফোম ব্যবহার করছে।

আজ শনিবার বেলা এগারোটার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার নন্দলালপুর এলাকায় প্রাইম টেক্সটাইলের পাশে অবস্থিত এশিয়ান মবিল প্যাকেটজাতকরণ কারখানায় এ আগুন লাগে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, আগুন লাগার পর মুহূর্তের মধ্যে পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। আগুনের ধোঁয়া ও লেলিহান শিখা আশপাশ এলাকায় আচ্ছন্ন হয়ে পড়লে আতংক ছড়িয়ে পড়ে। এতে কারখানাটিতে মজুদ থাকা বিপুল পরিমান মবিল পুড়ে নষ্ট হয়ে যায়।

খবর পেয়ে ঢাকা ও নারায়ণগঞ্জের ফতুল্লা, মন্ডলপাড়া হাজিগঞ্জ ফায়ার স্টেশন থেকে আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেবানোর কাজ শুরু করে।

দুপুর দুইটা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন।

আগের সংবাদধর্ষিতা নারীকে ইয়াবা মামলায় ফাঁসালো পুলিশ
পরবর্তি সংবাদওয়াজেহ রশীদ নদভী রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত