
আতা হাসিন: আহেদ তামিমির গ্রাফিতির এঁকে গ্রেফতার হয়েছেন ইতালির দুই শিল্পী। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, ইসরাইলের দখলকৃত বেথলেহেমের সীমানা প্রাচীরে আহেদ তামিমির ছবি আঁকায় এই দুই শিল্পীকে গ্রেফতার করেছে ইসরায়েল।
টুইটারে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন জানায়, ইসরাইল দুই ইতালিয়ান শিল্পী ও তাদের সাথে থাকা এক ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। এই বিষয়ে ইসরাইলি পুলিশের মুখপাত্রকে ফোন দেয়া হলেও তাতে তিনি সাড়া দেননি।
ফিলিস্তিনের রামাল্লাহ শহরের কাছেই নাবি সালেহ গ্রামের বাসিন্দা আহেদ তামিমি। অনেক বছর ধরে তার গ্রামে প্রতি শুক্রবার প্রতিবাদ মিছিল বের হয়। মাত্র ৯ বছর বয়সে তামিমি প্রথম মিছিলে অংশ নেন।
২০১৫ সালে ১১ বছর বয়সে তার বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। একটি ছবিতে মা ও চাচীর সাথে মিলে ইসরাইলি সেনাদের হাত থেকে তার চাচাতো ভাই মোহাম্মদকে বাঁচানোর চেষ্টা করতে দেখা যায়।
ছবিতে দেখা যায়, আহেদ ভাইকে বাঁচাতে এক ইসরাইলি সেনার হাতে কামড় দিচ্ছে। ওই ছবি প্রকাশের দুই বছর পর আহেদকে তুরস্কে হানদালা সাহসিকতা পুরস্কার দেয়া হয়।
দখলদার বাহিনীর সামনে দাঁড়িয়ে থাকা একটি ছবির জন্য তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান তাকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানান।
শিশু অধিকারের ওপর একটি অনুষ্ঠানে বক্তব্য দেয়ার জন্য খোদ যুক্তরাষ্ট্রের একটি সংগঠন তাকে আমন্ত্রণ জানিয়েছিল। তবে দুঃখজনকভাবে মার্কিন প্রশাসন তাকে ভিসা দেয়নি।
