
নাইম বিন মাসউদ
একজন সুযোগ্য আলেমের পরিচিতি ও অবস্থান তখনই গ্রহণযোগ্য হবে যে তিনি এ ইলমের মাধ্যমে আল্লাহর মারেফাত লাভ করবেন। যে ইলমের মাধ্যমে মুক্তাক্বি হবেন। ইলম শব্দটি কোরআন মাজিদে ৭৫০-এর বেশি ব্যবহৃত হয়েছে। এ ইলম আল্লাহ তায়ালার সিফত এবং মুসলমানদের আকিদার অংশ।
আল্লাহ তায়ালা এ ইলমের মাধ্যমে আদম আ. কে সম্মানিত করেছেন। সকল ফেরেশতার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুতরাং এ ইলম কোনো সাধারণ ইলম নয়। যে কোনো জ্ঞানকেই ইলম বলা যাবে। যে ইলমের মাধ্যমে আল্লাহর মারেফাত লাভ করা যায় তাকেই বলা যায় ইলমে হাকিকী।
কারণ, ইলম ছাড়া কোনো আমল আল্লাহ তায়ালার দরবারে গ্রহণযোগ্য হবে না। তিনি যাকে মহব্বত করেন তাকে এ ইলম দান করেন। আল্লাহ তায়ালা সব নবীর এ ইলম দিয়ে সম্মানিত করেছেন। নবী (সা.) বলেছেন, কোন একদিন তোমাদের মাঝে অন্যায়, হত্যা বেড়ে যাবে।
তারপর তোমাদের মাঝে এমন যুগ আসবে যে যুগে কোরআনের পাঠক বেড়ে যাবে; কিন্তু কোরআনের প্রভাব তাদের জীবনে পড়বে না। তারপর এমন সময় আসবে যে সময়ে কাফির, মুশরিক ও মুনাফিক পরস্পর বাকবিতণ্ডা করবে।
মুমিন তাদের অনুসারী হবে। (আলমুসতাদরিক আলাস সহিহাইন, খণ্ড : ৪, পৃ: ৫০৪)। নবীদের আল্লাহ তায়ালা যে মিশন নিয়ে এ পৃথিবীতে পাঠিয়েছেন সেই মিশনের ধারক-বাহক একমাত্র ওলামায়ে কেরাম। তারাই আলেমে রাব্বানী। তারাই দীনের ধারক-বাহক।
যতদিন এ মিশন থাকবে ততদিন এ পৃথিবীতে শান্তি থাকবে। নবীরা যে রকম উম্মতের কাণ্ডারি ছিলেন সেরকম তাদের পর সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন এবং ওলামায়ে কেরাম উম্মতের কাণ্ডারি হিসেবে সমাজের হাল ধরবেন। কারণ নবীরা সরাসরি রাব্বুল আলামিনের কাছ থেকে ইলম অর্জন করেছেন।
সাহাবায়ে কেরাম হজরত নবী করিম (সা.)-এর কাছ থেকে ইলম অর্জন করেছেন। এভাবে তাবিঈন, তবে তাবিঈন ও ওলামায়ে কেরাম একে অপরের কাছে থেকে ইলম অর্জনের ধারাবাহিকতা রক্ষা করে এসেছেন। যদি এ ইলম অর্জনের ধারাবাহিকতায় ত্র“টি থাকে তখন তা ভ্রান্ত হিসেবে গণ্য হবে।
