আমরা কীভাবে আধুনিক হবো?

ইফতেখার জামিলঃ 

ইউরোপিয়ান ইতিহাস ও আধুনিকতার কথা জিজ্ঞাসা করলে সবাই আধুনিক বিজ্ঞান ও দর্শনের কথা বলে। কীভাবে বিজ্ঞান বিশ্বকে পাল্টে দিয়েছে, সেই কথা বলে। বড় বড় দার্শনিক ও তাদের চিন্তার কথা বলে। এভাবে মুসলিম বিশ্বের তরুণরা বিজ্ঞান ও দর্শন চর্চা শুরু করে। শিক্ষার উন্নতি ও অর্থনৈতিক উন্নতির চেষ্টা শুরু করে। মুশকিল হচ্ছে, আদতে ইউরোপ ও আধুনিকতা মোটেই এসব না, এগুলো বরং তার সহযোগী। জানেন তো, অত ইতিহাস বিখ্যাত জ্ঞান নিয়েও গ্রীক সভ্যতা পরাজিত হয়েছিল, খুব বেশীদিন টেকেনি।

আধুনিক ইউরোপ ও আধুনিক সভ্যতা মানে ইউরোপের রাজনৈতিক আধিপত্য । যুদ্ধ ও সন্ধি। গত দুই তিন শতকের ইউরোপিয়ান ইতিহাস সংঘর্ষে ভরা। গণতন্ত্র, স্থিতি ও উন্নতি একদিনে আসেনি। জর্জ ওয়াশিংটন, নেপোলিয়ান , হিটলার ও লেনিন এখানে কেন্দ্রীয় চরিত্র।নিজেদের সাথে যুদ্ধ করতে করতেই তারা উপনিবেশ করেছে। বিজ্ঞানে ও শিক্ষায় উন্নতি করেছে। শিক্ষা ও বিজ্ঞান এই প্রতিযোগিতার ফল। দর্শন তার ব্যাখ্যা।এ কারণেই আধুনিক ইউরোপের ইতিহাস রক্ত দিয়ে ভরা। এই রক্তের ওপরেই ইউরোপ টিকে থাকতে শিখেছে।

অবশ্য এসব সংঘর্ষ বিচ্ছিন্নতাবাদী সংঘর্ষ না। রাষ্ট্রে রাষ্ট্রে সংঘর্ষ। রাজায় রাজায় সংঘর্ষ। জনগণও এতে সমানভাবে শরীক হয়েছে। মুসলিম দেশগুলোতে বর্তমান সংঘর্ষে যারা ক্লান্ত, তারা এটা মনে রাখতে পারেন। এই সংঘর্ষের মধ্য দিয়েই আবার গ্রেইট মুসলিম সভ্যতা জন্ম নিবে । আবার স্পেন ও ভারতে ইসলাম আসবে। যারা মনে করেন, ইসলামী সভ্যতার কাল বুঝি শেষ, তাদের সাথে আমি একমত নই। এর একটা বড় কারণও আছে।

কারণটা হচ্ছে, একটা সভ্যতার পতনের জন্য তার আত্মপরিচয় ও ঈমানের পতন জরুরি। রাষ্ট্রীয় পতন জরুরি। পশ্চিমা সভ্যতা বাকী সকল ধর্মকে এ অর্থে পরাজিত করতে পারলেও ইসলামকে পরাজিত করতে পারেনি। পশ্চিমা সভ্যতায় এমন বিশ্বজনীনতা নেই, যাতে সে অপরকে নিজের করতে পারে। তার কাছে পরকালের মুক্তির ধারণার মত এমন কোন চিরন্তন মুক্তির ধারণা নেই, যার মাধ্যমে সে মানুষকে সন্তুষ্ট করতে পারে। এই বিশ্বজনীনতার কারণেই ইসলাম কোন দেশ জয় করার পর সে দেশ ছেড়ে যায়নি। পশ্চিমের প্রতিটা দেশ ছেড়ে যেতে হয়েছে। পশ্চিমের বিশ্বায়ন ও ইহলৌলিক বস্তুগত মুক্তি মানুষকে সন্তুষ্ট করেনি। বিশ্বায়ন মানে পশ্চিমের কেন্দ্রীয়করণ। ইহলৌকিক মুক্তি মানে মানুষ নিছক বস্তু। যন্ত্র । অথচ মানুষ তো বস্তু বা যন্ত্র নয়, মানুষ অসম্ভব ক্ষমতাবান প্রাণী, সে সবসময় অতিক্রম করতে জানে।

আল্লাহর ক্ষমতায় বিশ্বাসের অংশ হিসেবেই মানুষের অতিক্রম-শক্তিতে বিশ্বাস রাখুন!

আগের সংবাদতাবলীগ : যে কৌশলে এগুতে চাচ্ছে সাদ অনুসারীরা
পরবর্তি সংবাদরোহিঙ্গা ইস্যুতে ঢাকার পাশে ভারত: রাজনাথ সিং