
ফাতেহ ডেস্ক
রাজধানীর বারিধারায় ব্যাংকের এটিএম বুথ থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খুনের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয়দের কাছে খবর পেয়ে সকালে বারিধারার জে-ব্লকে যমুনা ব্যাংকের এটিএম বুথে যায় পুলিশ। সেখান থেকে উদ্ধার হয় বুথের নিরাপত্তা কর্মী শামীমের মরদেহ। এসময় মাথা থ্যাঁতলানো অবস্থায় পাওয়া যায় তাকে।
বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান এলিট ফোর্স থেকে যমুনা ব্যাংকের বুথের নিরাপত্তার দায়িত্বে ছিলেন শামীম। স্বজনদের বরাত দিয়ে এলিট ফোর্স কর্তৃপক্ষ বলছে, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
এরইমধ্যে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশ। পূর্ব শত্রুতাসহ সবদিক বিবেচনায় রেখেই তদন্ত হচ্ছে। ময়নাতদন্তের জন্য শামীমের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতাল মর্গে।
